২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে থাই প্রধানমন্ত্রী

নিজের প্রথম বিদেশ সফরের জন্য প্রতিবেশী দেশ মিয়ানমারকে বেছে নিয়েছেন থাইল্যান্ডের জান্তা প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল প্রায়ুথ চান-ওচা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Oct 2014, 01:12 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার প্রতিবেশী দেশটি সফরে যাবেন ৬০ বছর বয়সী প্রায়ুথ।

ওইদিন মিয়ানমারের রাজধানী নাইপিতাও-এ দেশটির প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। পরদিন থাই বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে তিনি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে যাবেন।

থাইল্যান্ড মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

থাই সরকারের এক মুখপাত্র বলেছেন, প্রায়ুথের সফরের মাধ্যমে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুনেতা আলোচনা করবেন বলে তারা আশা করছেন।

এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ২২ মে প্রায়ুথ থাইল্যান্ডের নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করেন।

তার জান্তা সরকার বিরোধীদের কারাগারে পুরেছে, ওয়েবসাইটগুলো বন্ধ করে দিয়েছে এবং রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করেছে।

তার সাহায্যে মনোনীত থাইল্যান্ডের জাতীয় পরিষদের সদস্যরা অগাস্টে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।

তার মতো প্রেসিডেন্ট সিয়েনও সাবেক সেনা জেনারেল যার বয়স ষাটের কোঠায়।

সেনা একনায়করা প্রায় অর্ধ শতাব্দি ধরে মিয়ানমার শাসন করার পর তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে ২০১১ সালে তথাকথিত একটি বেসামরিক সরকার গঠন করেছেন।

প্রায়ুথের মতো সিয়েন সরকারের মন্ত্রীরাও সাবেক সেনা কর্মকর্তা।

তারপরও মিয়ানমারে গিয়ে প্রায়ুথ খুব বেশি উষ্ণতা পাবেন না বলেই মনে করছেন বিশ্লেষকরা। সেখানে তাকে বোঝাপড়া নিয়েই বেশি ব্যস্ত থাকতে হবে।