২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি গুলিবর্ষণে জম্মুতে নিহত ৫

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মু জেলায় পাকিস্তানি এলাকা থেকে ছোঁড়া গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 12:32 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

সোমবারের এই ঘটনায় আরো ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা আইএএনএস’কে বলেছেন, “আর্নিয়া’য় পাকিস্তানি গুলিবর্ষণে বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে, এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

“এ পর্যন্ত ২৯ জন, যাদের অধিকাংশই বেসামরিক মানুষ, পাকিস্তানের এই অস্ত্রবিরতি লঙ্ঘণে আহত হয়েছেন। গুলিবর্ষণ এখনও অব্যাহত আছে। হামলায় পাকিস্তানি রেঞ্জাররা মর্টার ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে,” বলেন তিনি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) পাল্টা জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আহতদের সবাইকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

নিহত পাঁচজনের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী কাজল ও তার ৫০ বছর বয়সী বাবা পার্শহোতুম লাল রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্তের কাছে আর্নিয়া বাসস্ট্যান্ডে মর্টারের গোলা এসে পড়েছে।

গোলাগুলি অব্যাহত থাকায় গ্রামবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে সরে যেতে শুরু করেছেন।