বাড়ি ফিরতে শুরু করেছেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা
পুলিশি অভিযানের ভয়ে অশ্রুসিক্ত চোখে হংকংয়ের মং কক এলাকা ছাড়তে শুরু করেছেন গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মীরা।
হংকংয়ের প্রধান নির্বাহী লেয়ুঙ চুং-ইং এর কার্যালয়ের বাইরে অবস্থান করা বিক্ষোভকারীরাও ধীরে ধীরে চলে যেতে শুরু করেছেন। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল সেগুলোও তুলে নেয়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে, সরকারি কার্যালয়গুলো দখলমুক্ত করতে কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি অভিযান শুরু করার নির্দেশ দিতে পারে হংকংয়ের প্রশাসন।
১৬ বছর বয়সী ছাত্রনেতা ট্যাং সিন-টুং বলেন, “আমরা চাই সবাই চলে যাক। কারণ আমরা আর কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতে চাই না। যদি সরকার আমাদের প্রস্তাবে (সরাসরি আলোচনার প্রস্তাব) সাড়া না দেয় তবে আমরা আবার ফিরে আসবো।”
সিন-টুং এর দাবি গণতন্ত্রপন্থি কয়েকজন নারী আন্দোলনকর্মী আন্দোলন চলার সময় বিরোধীদের হাতে হেনস্তা ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
চলে যাওয়ার সময় বিক্ষোভকারীরা ‘আমরা ফিরে আসবো এবং শেষ পর্যন্ত লড়ে যাব’ বলে স্লোগান দিচ্ছিলেন।
যেসব বিক্ষোভকারী তখনও অবস্থান করছিল তারা ‘মং কক মং কক কখনও পিছিয়ে যাবে না’ বলে চিৎকার করছিলেন।
গত শুক্রবার কাউলুন উপদ্বীপের পশ্চিমাঞ্চল মং ককে গণতন্ত্রপন্থি ও বেইজিংপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন, যাদের বেশিরভাগই গণতন্ত্রপন্থি।
গণতন্ত্রপন্থিদের অভিযোগ, প্রশাসনই তাদের বিরুদ্ধে ‘মাফিয়া’দের লেলিয়ে দিয়েছিল। স্থানীয় অধিবাসীরাও ওই সংঘর্ষ ঠেকাতে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন।
যদিও পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
তবে অনেকে চলে যেতে শুরু করলেও রোববার বিকাল পর্যলন্ত কয়েকশ বিক্ষোভকারী মং ককে থেকে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন।
তাদেরই অন্যতম ৪১ বছর বয়সী কিট লি বলেন, “আমাদের ওপর পেপার স্প্রে ছোড়া হয়েছে, আমাদের লক্ষ্য করে টিয়ার গ্যাসও ছোড়া হয়েছে। আমরা মাফিয়ার হামলার শিকার হয়েছি। এখন আমরা কোনো কিছুকেই ভয় পাই না।”
রাজপথ ছেড়ে বিক্ষোভকারীরা চলে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছাত্রনেতাদের উদ্ধৃত করে জানানো হয়েছিল, তারা ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিক্ষোভকারীদের হংকংয়ের প্রাণকেন্দ্রে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।
চীনপন্থি প্রধান নির্বাহীর পদত্যাগ এবং ২০১৭ সালের নির্বাচনে চীনের প্রার্থী বাছাই পরিকল্পনা বাতিল করে নিজেদের পছন্দের নেতাকে ভোট দেয়ার অধিকারের দাবিতে গত এক সপ্তাহ ধরে হংকংয়ে হাজার হাজার ছাত্র-জনতা আন্দোলন করছে।
১৯৯৮ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং চীনের কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে চীনের অধীনে ‘এক দেশে দুই পদ্ধতি’ নীতিতে হংকংয়ের প্রশাসন পরিচালিত হচ্ছে।
মূল চীনের তুলনায় কিছুটা গণতান্ত্রিক নীতিতে হংকংয়ের সরকার নির্বাচিত হলেও এতে চীনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বেইজিংয়ের পছন্দের প্রার্থীকেই নেতা (প্রধান নির্বাহী) নির্বাচন করতে হচ্ছে হংকংবাসীকে।
