হংকং বিক্ষোভ: সরকারের সঙ্গে আলোচনা স্থগিত
বিরোধীদের হামলার শিকার হয়ে সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের ছাত্রনেতারা।
শুক্রবার রাতে বিবিসি জানিয়েছে, আন্দোলনকারীদের সুরক্ষা দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে ছাত্র গোষ্ঠীগুলো অভিযোগ করেছে।
অপরদিকে আন্দোলনকারীদের সঙ্গে সহিংস আচরণকারীদের গোপনে মদদ দেয়ার কথা অস্বীকার করে পুলিশ দাবি করেছে, তারা অপরাধী চক্রগুলোর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে।
২০১৭ সালের পরবর্তী নির্বাচন অবাধ করার লক্ষ্যে আন্দোলন করছে হংকংয়ের প্রতিবাদকারীরা। আন্দোলনের অংশ হিসেবে হংকং শহরের কেন্দ্রীয় একটি অংশে অবস্থান নিয়ে তা দখল করে রেখেছে আন্দোলনকারীরা।
হংকংয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ দাবি করে বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা। উত্তেজনা কমাতে বৃহস্পতিবার আন্দোলনকারীদের প্রতি আলোচনার প্রস্তাব দিয়েছিল হংকংয়ের নেতারা।
কিন্তু আন্দোলকারীদের অবস্থান ধর্মঘটের কারণে ‘ক্ষিপ্ত জনতা’ আন্দোলকারীদের তাঁবু ভেঙে ফেলে ও সড়ক অবরোধ সরিয়ে নেয়ার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়।
এর প্রতিক্রিয়ায় সরকারের সঙ্গে আলোচনার আমন্ত্রণ পাওয়া হংকং ফেডারেশন অব স্টুডেন্টস এক বিবৃতিতে আলোচনা “স্থগিত” করার কথা জানায়।
সরকার আলোচনার প্রস্তাব দিলেও আলোচনার সময় ও স্থান নির্ধারণ করার আগেই তা স্থগিত করার ঘোষণা দিয়েছে ছাত্র গোষ্ঠীগুলো।
বিবৃতিতে বলা হয়, “সরকারি মদদে শান্তিপূর্ণ অকুপাই আন্দোলনকারীদের ওপর মাফিয়ারা হামলা চালিয়েছে। এটি আলোচনার পথ বন্ধ করে দিয়েছে এবং এর ফলাফলের জন্য তারাই দায়ী থাকবে।”
“সরকার কথা রাখেনি, তাই কোনো গত্যন্তর না থাকায় আলোচনা স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি।”
তবে গণতান্ত্রপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত অন্যান্য গোষ্ঠীর মনোভাবও এই বিবৃতিতে প্রতিফলিত হয়েছে কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।
‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলনের নেতা বেনি তাই বিবিসিকে বলেছেন, তারা আলোচনা বয়টক করার বিষয়টি বিবেচনা করছেন।
