২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৬বছরের মধ্যে সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ধীরে ধীরে কমে আসছে। সেপ্টেম্বরে এ হার কমে ৫ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 09:33 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

অগাস্টে বেকারত্বের হার ছিল ৬ দশমিক ১ শতাংশ। ২০০৮ সালের জুলাইয়ের পর এটি ছিল সর্বনিম্ন হার।

যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগ জানিয়েছে, গত মাসে নতুন আরো দুই লাখ ৪৮ হাজার কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আর পূর্বানুমানের চাইতে জুলাই ও অগাস্টে ৬৯ হাজার বেশি কর্মসংস্থান হয়েছে। সেইসঙ্গে সেপ্টেম্বরে প্রায় এক লাখ মানুষ চাকরি খোঁজা বাদ দিয়েছে।

নতুন এই কর্মসংস্থান নিশ্চিতভাবেই দেশটির অর্তনীতির উর্ধ্বগতির কথা বলছে। তবে যখন সুদের হার বাড়বে তখন কি হবে সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।

২০০৮ সালে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ার পর ‘দ্য ইউএস ফেডারেল রিজার্ভ’ তাদের সুদের হার প্রায় শূন্যের কাছাকাছি রেখেছে।

দ্য ফেডারেল রিজার্ভ তাদের উদ্দীপক প্রকল্পের অংশ হিসেবে ঋণের পরিমাণের ক্ষেত্রে ছাড় দেয়ার কথা ভাবছে। জনগণকে ব্যয় বাড়ানোয় উৎসাহ দিতে দীর্ঘ মেয়াদী ঋণের ক্ষেত্রে সুদের হার নিম্ন পর্যায়ে রাখবে প্রতিষ্ঠানটি।

তবে দেশের অর্থনীতি যদি উর্ধ্বগামী হয় তবে স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ফেডারেল রিজার্ভ।

যদিও ঠিক কি হারে তা বাড়ানো হবে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা দেননি জ্যনেট ইলেন।

নিউ ইয়র্কের এফটিএন ফিন্যানশিয়াল এর প্রধান অর্থনীতিবিদ ক্রিস্টোফার লো বলেন, “এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকারত্বের হার ছয় শতাংশের নীচে নেমে আসা। ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইলেন বলেছেন, যদি বেকারত্বের হার ছয় শতাংশের নীচে চলে যায় তবে অনেক বিষয়ই শিথিল হয়ে আসে।”

ওদিকে, পূর্বানুমান থেকে আগেই সুদের হার বাড়ানো হবে এমন ধারণার কারণে মার্কিন ডলারের দাম বাড়তে শুরু করেছে।