আফগানিস্তান সফরে ডেভিড ক্যামেরন
আফগানিস্তান সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ গনির শপথ গ্রহণের চারদিন পর ক্যামেরন এ সফরে গেলেন।
ভোট নিয়ে কয়েক মাসের রাজনৈতিক উত্তেজনা কাটিয়ে সম্প্রতি আফগানিস্তানে ঐক্য সরকার গঠিত হয়েছে।
গনি এবং আফগানিস্তানের নতুন প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ নিয়ে ক্যামেরন এ সফরে গেলেন।
ক্যামেরন বলেন, “আমাদের লক্ষ্য একটাই। আমরা আরো নিরাপদ, স্থীতিশীল ও সমৃদ্ধ আফগানিস্তান দেখতে চাই।”
“আমরা চাই আফগানিস্তান আর খুব বেশিদিন চরমপন্থিদের স্বর্গরাজ্য থাকবে না। এই লক্ষ্য অর্জনের জন্য কিভাবে একসঙ্গে কাজ করা যায় আমরা সেটা নিয়েই আলোচনা করব।”
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গনি ও আবদু্ল্লাহর মধ্যে মত পার্থক্যের জের ধরে জুনের ভোট ভেস্তে যায়। সেইসঙ্গে দেশটি রাজনৈতিকভাবে আবারো উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কায় পড়ে।
তবে শেষ পর্যন্ত গনি ও আবদুল্লাহ রাজনৈতিকভাবে একটি চুক্তিতে উপনীত হন। যেখানে গনি প্রেসিডেন্ট এবং ব্যাপক ক্ষমতাসহ আবদুল্লাহ প্রধাননির্বাহী হন।
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের উত্থানের পর ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনী দেশটিতে হামলা করে। ওই বাহিনীতে দ্বিতীয় সর্বোচ্চ সেনা ছিল ব্রিটিশ।
আফগান যুদ্ধে ৪৫০ জনের বেশি ব্রিটিশ সেনা প্রাণ হারিয়েছে। এ বছরই আফগানিস্তান থেকে সব সেনা তুলে নেবে ব্রিটেন।
