২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস মানবতাবিরোধী অপরাধ করছে: জাতিসংঘ

ইরাকে ইসলামিক স্টেট( আইএস) এবং এর সহযোগী সশস্ত্র দলগুলো ব্যাপকহারে মানবতা বিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 11:32 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

গত ৬ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে আইএসের কর্মকাণ্ড বিশ্লেষণ করে অপরাধ চিত্রগুলো তুলে ধরেছে জাতিসংঘ ও ‘ইউএন অ্যাসিসটেন্স মিশন ইন ইরাক’ (ইউনামি)। এ অপরাধগুলো যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে।

এ সময়ের মধ্যে ইরাকের নিরাপত্তা বাহিনী ও তাদের সহযোগীরাও কিছু অপরাধ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

বৃহস্পতিবার বিবিস’র প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মানবাধিকার কমিশন ও ইউনামি ৫০০ জনের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, “বেসামরিক নাগরিকের ওপর হামলা, বেসামরিক স্থাপনা ধ্বংস, নাগরিকদের ওপর মৃত্যুদণ্ড চাপিয়ে দেয়া ও অন্যান্য সুনির্দিষ্ট হত্যাকাণ্ড, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য যৌন ও মানসিক নির্যাতনের মতো অপরাধ হযেছে ইরাকে।”

জঙ্গিরা জোর করে নাগরিকদের দলে ঢুকিয়েছে, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐহিত্যবাহী অবকাঠামো ধ্বংস করেছে, জনগণের ধন-সম্পদ লুট করেছে। এছাড়া, জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে পুলিশ কর্মকর্তা, সেনা সদস্য, সাংবাদিক ও ইরাকের বিভিন্ন আদিবাসী গোষ্ঠী রয়েছে।

ইরাকে জাতিসংঘ কর্মকর্তা নিকোলাই লাদেনভ বলেন, আরো অনেক অভিযোগ রয়েছে যা প্রতিবেদনে আনা হয়নি। নিরপেক্ষভাবে যাচাই সম্পন্ন না হওয়ায় ওই অভিযোগগুলো এখনো প্রকাশ করা হয়নি।

বুধবার ইউনামি জানায়, ইরাকে কেবলমাত্র চলতি বছরেই যুদ্ধ সহিংসতায় নয় হাজার ৩৪৭ জন বেসামরিক নাগরিক মারা গেছে। এছাড়া, আহত হয়েছে ১৭ হাজার মানুষ। গত জুনে মসুলে আইএস দখলযজ্ঞ শুরুর পর থেকেই হতাহতের অধিকাংশ ঘটনা ঘটে।