২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে গণতন্ত্রপন্থিদের অসহযোগ

গণতন্ত্রপন্থি ছাত্রদের সঙ্গে হংকংয়ের দাঙ্গা পুলিশের সহিংস সংঘাত ও গণগ্রেপ্তারের পর গণতান্ত্রিক আন্দোলনের হাজার হাজার সমর্থক হংকংয়ের রাস্তার নেমে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 10:00 AM

Updated : 13 Oct 2022, 12:38 PM

এই পরিস্থিতিতে রোববার ভোরে আকষ্মিকভাবে অসহযোগের ডাক দিয়েছেন হংকংয়ের ‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলনের নেতা বেনি টাই।

এশিয়ার গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরীর কেন্দ্রস্থলে সরকারি সদরদপ্তরগুলোর সামনে হাজার হাজার বিক্ষোভকারীর উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন বলে বিবিসির খবরে বলা হয়।

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ২০১৭ সালে পুরোপুরি গণতান্ত্রিক একটি নির্বাচনের দাবি কর্তৃপক্ষ নাকচ করে দিলে চলতি মাসের শুরুতে এ বিক্ষোভের পট প্রস্তুত হয়।

শুক্রবার সন্ধ্যায় গণতন্ত্রপন্থী ছাত্ররা হংকংয়ের কেন্দ্রিয় এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি দপ্তরগুলো তছনছ করে। রাতভর ব্যাপক হাঙ্গামা চলাকালে শনিবার দিনের শুরুতে আন্দোলনাকারী ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে।

এতে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে অন্তত ৩০ জন আহত হন। এ সময় অন্তত ৬০ জন ছাত্র আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের এই গণগ্রেপ্তারের জের ধরে আন্দোলনের সমর্থনে হাজার হাজার হংকংবাসী ও গণতন্ত্রপন্থী ‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলনের কর্মীরা শনিবার রাস্তায় নেমে এসে অবস্থান নেয়।

এই প্রতিবাদকারীরা চশমা, মুখোশ ও রেইনকোট পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে। পুলিশের ব্যবহৃত পেপার স্প্রে ঠেকাতে চশমা ও পলিথিনে চোখ ঢেকে বিশেষ প্রস্তুতি নিয়ে আসে তারা।

নগরীর প্রশাসনিক এলাকার সরকারি দপ্তরগুলোর আশপাশের রাস্তা ও চত্বরগুলো প্রতিবাদকারীদের দখলে চলে যায়। সম্ভাব্য পুলিশি অভিযানের মোকাবিলায় তারা রাস্তায় রাস্তায় ধাতুর ব্যারিকেড বসিয়েছে।

অকুপাই আন্দোলনকারীরা চায়, বেইজিং হংকংয়ের রাজনৈতিক সংস্কার পরিকল্পনা প্রত্যাহার করে আলোচনা শুরু করুক।

সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং’কে ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে “এক দেশ, দুই পদ্ধতি” ফর্মুলায় চীনের অধীনে প্র্রায় স্বায়্ত্ত্বশাসন ভোগ করে আসছে হংকং।

কিন্তু গত মাসে বেইজিং অবাধ নির্বাচনের মাধ্যমে অঞ্চলটির পরবর্তী নেতা নির্বাচনের খারিজ করে দিলে আন্দোলনের সূত্রপাত হয়। শুধু বেইজিংয়ের প্রতি অনুগত প্রার্থীদের মধ্যেই নির্বাচন সীমাবদ্ধ রাখতে চায় চীন।

এতে গণতন্ত্রপন্থী ছাত্রদের গোষ্ঠি ‘স্কলারিজম’ ও বেনি টাইয়ের নেতৃত্বাধীন নাগরিক আন্দোলন ‘অকুপাই সেন্ট্রাল’ বেইজিংয়ের পরিকল্পনার প্রতিবাদে আন্দোলন শুরু করে।

শনিবার যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ১৭ বছর বয়সী জনপ্রিয় ছাত্রনেতা জোশুয়া উওং ও তার সহযোগী ছাত্রনেতা অ্যালেক্স চৌ ও লেস্টার শুম রয়েছেন।

২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে উওং এক লাখ ২০ হাজার প্রতিবাদকারীর নেতৃত্ব দিয়ে হংকংয়ের ওপর চীনের শিক্ষা পরিকল্পনা চাপিয়ে দেয়ার প্রচেষ্টা রুখে দিয়েছিলেন।

এবারের সরকারি দপ্তর দখলের ডাকও দিয়েছিলেন উওং। হাজার হাজার প্রতিবাদকারীর শ্লোগানের মধ্যে ছাত্রনেতাদের মুক্তির দাবীও উচ্চারিত হচ্ছে।

কিন্তু ব্যাপক এ প্রতিবাদের মধ্যেও অকুপাই আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র আন্দোলনকারীদের বিভক্তি লক্ষ্য করা গেছে। অসহযোগ আন্দোলনকারীরা তাদের আন্দোলন ছিনতাই করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্র আন্দোলনকারীরা।

১ অক্টোবর চীনের জাতীয় দিবসে অকুপাই আন্দোলনকারীদের অসহযোগ শুরুর পরিকল্পনা থাকলেও শনিবারের ঘটনার পর আন্দোলনের উত্তাপে বেনি টাই তা এগিয়ে আনেন।

এক হাজার একশ বর্গকিমি আয়তনের এশিয়ার অর্থনৈতিক শক্তি কেন্দ্র হংকংয়ের লোকসংখ্যা প্রায় ৭২ লাখ ৩৫ হাজার।