২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১’র ৩ উদ্ধারকর্মীর একই দিনে মৃত্যু

নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে ৯/১১’র সন্ত্রাসী হামলার পর দমকল বাহিনীর যে কর্মীরা কাজ করেছিলেন তাদের মধ্যে ৩ জন ক্যান্সারে আক্রান্ত হয়ে একই দিনে মৃত্যুবরণ করেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 08:59 AM

Updated : 13 Oct 2022, 12:37 PM

দমকল কর্মকর্তাদের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

মৃত্যুবরণকারী দমকলকর্মীরা হলেন লেফট্যানান্ট হাওয়ার্ড বিশকফ (৫৮), রবার্ট রেভার (৫৬) এবং ড্যানিয়েল হেগল্যান্ড (৫৮)।

সোমবার ঘণ্টা খানেকের ব্যবধানে তারা মারা যান।

কিন্তু চিকিৎসকরা বলছেন, ওই হামলার সঙ্গে দমকলকর্মীদের অসুস্থতার সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়টি পরিষ্কার নয়।

ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো ৩ দমকলকর্মীর মৃত্যুকে ১৩ বছর পর আবারও ওই বেদনাজনক হামলাকে মনে করিয়ে দেয়ার সমতুল্য বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, “১৩ বছর পরও এই বিভাগের সাহসী প্রচেষ্টার ভয়াবহ মূল্য দিয়ে যাচ্ছি আমরা।”

ইউনিফর্মড ফায়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেমস লেমন্ডা বলেন, “ওইদিন (১১ সেপ্টেম্বর ২০০১) প্রথম যারা সাড়া দিয়ে এই ধ্বংসস্তূপের কাছে এসেছিলেন তখন তারা বিষাক্ত বাতাসের সংস্পর্শে এসেছিলেন। বেশ কয়েকমাস এখানকার বাতাসে বিষ ছিল।” গ্রাউন্ড জিরোর বিষাক্ত ধূলাবালির সঙ্গে প্রায় ১ হাজার মৃত্যুর সম্পর্ক রয়েছে বলে কেউ কেউ অনুমান করেন। তাদের অনেকেই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগেছেন। আর শত শত উদ্ধারকর্মী যারা প্রথমেই সাড়া দিয়ে এখানে এসেছিলেন তাদের অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। কিন্তু এই উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধারকর্মী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও হামলার ঘটনার সঙ্গে ক্যান্সারের কোন পরিষ্কার যোগসূত্র স্থাপন সম্ভব হয়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য সংস্থায় (টুইন টাওয়ার) ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। জঙ্গিরা ২ টি বিমান নিয়ে ১০০ তলার বেশি উঁচু ভবন দুটিতে হামলা চালায়। এতে ভবন দুটি ধসে পড়ে এবং কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। সন্দেহ করা হয় এই হামলা চালিয়েছে আল কায়েদার জঙ্গিরা। গণমাধ্যমে এটি ৯/১১ হামলা বলে পরিচিতি পায়।