তুরস্কের কাছে আইএস এর ওপর বিমান হামলা
তুরস্কের সঙ্গে সীমান্তের কাছে সিরিয়ায় কোবানে শহরের চারপাশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর নতুন করে বিমান হামলা হয়েছে।
কুর্দি অধ্যুষিত কোবানে শহরে মঙ্গলবার এ হামলার খবর জানায় সিরীয় আন্দোলনকর্মীরা। শহরটি তুরস্কের সীমান্তের খুব কাছে অবস্থিত। বেশ কিছু দিন ধরেই শহরটির দখল নিয়েছিল আইএস জঙ্গিরা। তবে এ হামলাটি কারা করেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুইটি যুদ্ধ বিমানকে তুরস্ক থেকে উড়ে যেতে দেখেছেন। তবে তুরস্কের কর্মকর্তারা বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, আইএস’র ওপরর বিমান হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা বা কোনো বিমান ঘাঁটি ব্যবহার করা হয়নি।
তুরস্কের সামরিক সূত্র জানায়, তাদের বিমানবাহিনী এই হামলা করেনি বা তুরস্কের ইনকিরলিকে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি থেকেও এ হামলা চালানো হয়নি।
তবে পূর্বদিকের শহর দেইর আল-জউরে মঙ্গলবার দুইবার হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। বলেছে, তারা আইএস এর দুইটি যানে এই হামলা চালিয়েছে।
