জিম্বাবুয়ের বৃহত্তম প্লাটিনাম খনি চালু করবে রাশিয়া
রাশিয়ার তত্ত্বাবধানে জিম্বাবুয়ের বৃহত্তম প্লাটিনাম খনি চালু হতে যাচ্ছে। আগামী সপ্তাহে দেশটিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরের সময় বিষয়টি নিয়ে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
রুশ ব্যবসায়ীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ১৫ সেপ্টেম্বর জিম্বাবুয়ে সফরে যাবেন ল্যাভরভ। সেখানে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার থাকার কথা রয়েছে।
শুক্রবার জিম্বাবুয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিনহুয়া।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “সফরে মঙ্গলবার প্রেসিডেন্ট (রবার্ট) মুগাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর দারভেনন্দেল ইন্টিগ্রেটেড প্লাটিনাম গ্রুপ মেটাল প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।”
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনশ’ কোটি ডলারের এই প্রজেক্ট থেকে বার্ষিক ৬ লাখ আউন্স প্লাটিনাম উত্তোলণ করা হবে।
সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের খনিগুলোতে বিনিয়োগ বাড়িয়েছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় মারাঞ্জি হীরা খনি এলাকায় ইতোমধ্যে রুশ বিনিয়োগে সোনা ও হীরা উত্তোলন করা হচ্ছে।
