আইএস’র বিরুদ্ধে আলোচনায় মিশরে কেরি
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নিয়ন্ত্রণের জন্য একটি বৃহত্তর জোট গঠনের লক্ষ্যে মিশর যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
শনিবার মিশরে আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কেরির।
আইএস’র বিরুদ্ধে মিত্রজোট কিভাবে কাজ করবে তাই নিয়ে আলোচনা করবেন দুই নেতা, জানিয়েছে বিবিসি।
আইএস’র বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট গঠনের প্রচেষ্টায় এ পর্যন্ত ১০টি আরব দেশের সমর্থন পেয়েছেন কেরি। দেশগুলো হলো- মিশর, ইরাক, সৌদি আরব, কাতার, জর্দান, লেবানন, বাহরায়েন, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে।
মিত্রজোটে কোন রাষ্ট্রের কী ভূমিকা হবে তা আগামী কয়েকদিনে সামরিক ও গোয়েন্দা বিশেষজ্ঞরা ঠিক করবেন বলে জানিয়েছেন কেরি।
তবে নিজেদের নেতৃত্বাধীন এ কোয়ালিশনে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন তিনি।
শুক্রবার তুরস্কে এক সংবাদ সম্মেলনে কেরি বলেছেন, “সিরিয়া ও অন্যান্য অঞ্চলে ইরানের বিশেষ ভূমিকা থাকায় এই জোটে ইরানের অংশগ্রহণ ঠিক হবে না।”
সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে ইরান, অপরদিকে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশসহ উপসাগরীয় দেশগুলো আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদে তার প্রতিপক্ষ বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে।
আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে তুর্কি সরকারের সহযোগিতা নিশ্চিত করতে ওইদিন কেরি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ও প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে আলোচনা করেছেন। তবে জিহাদি ওই ইসলামপন্থী গোষ্ঠীটির বিরুদ্ধে নিজেদের বিমানক্ষেত্র ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।
ওদিকে শুক্রবার সিআইএ জানিয়েছে, সিরিয়া ও ইরাকে আইএস’র ৩০ হাজারের কিছু বেশি যোদ্ধা রয়েছে।
ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে সেখানে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আইএস। তবে নিষ্ঠুরতার জন্য ইতোমধ্যেই কুখ্যাত হয়ে উঠেছে গোষ্ঠীটি।
সম্প্রতি পরপর যুক্তরাষ্ট্রের দুজন সাংবাদিককে শিরশ্ছেদ করে এর ভিডিও ইন্টারনেটে ছেড়েছে আইএস। এছাড়া বন্দিদের গণহত্যা ও অন্যান্য সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীর সদস্যদের হত্যা ও নিপীড়নের ব্যাপক অভিযোগ উঠেছে গোষ্ঠীটির বিরুদ্ধে।
এসবের জের ধরে কয়েক সপ্তাহ ধরে ইরাকে গোষ্ঠীটির অবস্থানের ওপর বিমান হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। বুধবার সিরিয়ায় গোষ্ঠীটির অবস্থানের ওপর হামলা চালানোসহ আইএস’কে নির্মূলে বৃহত্তর পরিকল্পনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামা।
