উত্তর প্রদেশে বজ্রপাতে নিহত ১২
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পূর্বাঞ্চলে কয়েকটি বজ্রপাতের ঘটনায় অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
শুক্রবার বজ্রসহ প্রচণ্ড বৃষ্টির সময় এসব ঘটনা ঘটেছে।
একই দিন রাতে রাজ্যের প্রধান শহর লক্ষ্ণৌর নিগোহা এলাকায় বজ্রপাতের অপর একটি ঘটনায় প্রযুক্তিবিদ্যার বহু ছাত্র আহত হয়েছেন। নিজেদের ভাড়া করা ছাত্রনিবাসে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তারা।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবারও লক্ষ্ণৌসহ রাজ্যের পূর্বাংশে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বৃহস্পতিবার থেকে রাজ্যের এ অংশজুড়ে চলা প্রবল বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির আবহাওয়া কর্মকর্তারা।
আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগের আঞ্চলিক প্রধান জে পি গুপ্তা।
এবার সেপ্টেম্বরে ভারতজুড়ে বৃষ্টিপাত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
