২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩২ বিদ্রোহীকে হত্যা করেছে সিরীয় বাহিনী

সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে গ্রামাঞ্চলে ৩২ জন বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির সরকারি বাহিনী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 03:51 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বুধবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ সংবাদ জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ’র বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দামেস্কের পূর্বাঞ্চলীয় মফস্বল শহর দৌমায় সরকারি বাহিনীর গোলাবর্ষণে নিহত হন ২০ জনেরও বেশি বিদ্রোহী।

দামেস্কের উত্তরাঞ্চলীয় আল কালামুন অঞ্চলে বিদ্রোহী বাহিনীর অবস্থানের উপর উপর্যুপরি আক্রমণ চালিয়ে ১২ বিদ্রোহীকে হত্যা করে সরকারি বাহিনী। এ হামলায় আরো ২০ বিদ্রোহী আহত হয় বলে প্যান আরব আল মায়াদ্বিন টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

দামেস্কের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের প্রধান অবস্থানগুলো থেকে তাদের হটানোর উদ্যোগে সরকারি বাহিনী আক্রমণ শুরু করলে বিদ্রোহীরা রাজধানীতে ব্যাপক মর্টার গোলা নিক্ষেপ করে জবাব দেয়। এতে বুধবার রাতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়।

এ সময় অনেক লোক নিহত ও আহত হয় বলে জানা গেছে।

এছাড়া বুধবার সিরীয় বাহিনী হামা প্রদেশে বিদ্রোহীদের দখলে থাকা সামরিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখল করে নিয়েছে। এতে প্রদেশটির হেলফায়া শহরে বিদ্রোহীদের অবস্থানের ওপর সহজেই আক্রমণ পরিচালনা করতে পারছে সরকারি বাহিনী।

কয়েকদিন ধরে শহরটির আশপাশে সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গি বিদ্রোহীদের ব্যাপক লড়াই চলছে।

জাতিসংঘের হিসাব মতে, তিনবছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে ১ লাখ ৯০ হাজার মানুষ নিহত হয়েছেন।

এছাড়া দেশটি থেকে পালিয়ে প্রায় ৩০ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। আর দেশটির ভিতরে প্রায় ৬৫ লাখ মানুষ উদ্বাস্তু অবস্থায় জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন বলেও জানিয়েছে জাতিসংঘ।