কাশ্মিরের বন্যা: ৭৭ হাজার মানুষ উদ্ধার
পানি কমতে থাকার সুযোগ নিয়ে কাশ্মিরের বন্যা উপদ্রুত এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া ৭৭ হাজার মানুষকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী।
৬০ বছরের মধ্যে নজিরবিহীন এ বন্যায় বুধবার পর্যন্ত ২১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পানি কমে যাওয়ার পর বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত হলে মৃতের মোট সংখ্যা জানা যাবে এবং তা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানি কমতে থাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে বলে জানিয়েছেন তারা।
বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং দুর্গতদের উদ্ধারাভিযানের বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।
