ইরাকের সংস্কার পরিকল্পনায় কেরির সমর্থন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরাক সরকারের রাজনৈতিক ও সামরিক সংস্কার পরিকল্পনাকে সমর্থন করেছেন।
সুন্নি ও কুর্দিদের সঙ্গে বাগদাদের সম্পর্ক মেরমতে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির পরিকল্পনায় সমর্থন দিয়ে কেরি বলেন, ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের পাশে আছে যুক্তরাষ্ট্র।
আইএস এর বিরুদ্ধে জোট গঠনের আলোচনার সময় তিনি বলেন, “নতুন ইরাক সরকারকে সমর্থন দেয়ার আগ্রহ আমাদের সবারই আছে।”
আইএস’কে পরাজিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আসন্ন অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন জন কেরি।
ইরাকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব আইএস জঙ্গি দল থেকে ‘অশুভ’ শক্তির বিস্তার দেখতে পারে না। আইএস কে পরাজিত করতে বিশ্বব্যাপী একটি পরিকল্পনা প্রয়োজন। কিন্তু ইরাকই হবেকে এ লড়াইয়ের ‘চালিকাশক্তি’।
নতুন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেতৃত্বে ইরাকে নতুন সরকার গঠিত হওয়ার পর বাগদাদে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তার এটিই প্রথম সফর।
আইএস কে পরাজিত করতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছিলেন আবাদি। কেরি ইরাক সফরে গিয়ে এ প্রসঙ্গ নিয়েই আবাদির সঙ্গে কথা বলেন।
কেরির সঙ্গে বৈঠকের পর আবাদি বলেন, “আমাদের দেশকে রক্ষা করায় আমাদের ভূমিকা অবশ্যই রয়েছে। কিন্তু ইরাককে রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব”।
ইরাকের শিয়া প্রধানমন্ত্রী আবাদি সুন্নিদের হাতে আরো ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ কুর্দি সংখ্যালঘুদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক সামাল দেয়ার অঙ্গীকার করেন।
সামরিক বাহিনীকেও আরো ব্যাপকভিত্তিক করে গড়ে তোলা এবং রদবদলেরও প্রতিশ্রুতি দেন তিনি। আবাদির এ সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিকে ‘খুবই উৎসাহব্যাঞ্জক’ আখ্যা দেন কেরি।
তিনি বলেন, “সবার অংশগ্রহণে গঠিত একটি নতুন ইরাক সরকারকেই আইএস এর বিরুদ্ধে বিশ্বের লড়াইয়ের অগ্রভাগে থাকতে হবে”।
