২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ সন্তান খুন, বাবাকে সন্দেহ

পাঁচ সন্তানকে হত্যা করে তাদের লাশ অন্য রাজ্যে নিয়ে পুতে ফেলার ঘটনায় ওই সন্তানদের বাবাকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 11:09 AM

Updated : 25 Apr 2022, 04:40 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।

শনিবার মিসিসিপি রাজ্য থেকে অন্য এক অভিযোগে ওই হতভাগ্য সন্তানদের বাবা টিমোথি রে জোন্স’কে গ্রেপ্তার করা হয়েছে। নিজ রাজ্য দক্ষিণ ক্যারোলাইনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে বলে প্রকাশিত খবরে জানা গেছে।

এক থেকে আট বছর বয়সী এসব শিশুকে গত বুধবার থেকে পাওয়া যাচ্ছিল না। শিশুদের মা পুলিশকে জানিয়েছিলেন, ওই ঘটনার পর থেকে তিনি তার সাবেক স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

ওদিকে, শনিবার মিসিসিপির স্মিথ কাউন্টির একটি নিরাপত্তা তল্লাশি পয়েন্টে জোন্সকে থামানো হয় এবং মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর অপরাধে তাকে আটক করা হয়, জানিয়েছেন স্থানীয় শেরিফ চার্লি ক্রাম্পটন।

গ্রেপ্তারকালে তদন্তকারীরা জোন্সের গাড়ি থেকে ব্লিচিং করার আলামত, হাইড্রোক্লোরিক এসিড, রক্ত ও সম্ভাব্য দেহতরলের আলামত পান।

থানায় নিয়ে জোন্সের গাড়ির মালিকানা শনাক্ত করার জন্য জাতীয় তথ্যভান্ডারে খোঁজ নিতে গিয়ে পুলিশ আবিষ্কার করে, দক্ষিণ ক্যারোলাইনায় “তার সন্তানদের মঙ্গল জনিত উদ্বেগ থেকে” তাকে খোঁজা হচ্ছে এবং তার নাম জাতীয় নিখোঁজদের তালিকায় রয়েছে।

এরপর মঙ্গলবার সারাদিন ধরে খোঁজাখুঁজির পর কর্তৃপক্ষ আলব্যামা মহাসড়কের পাশে মাটির মধ্যে পুতে রাখা নিখোঁজ শিশুগুলোর লাশ উদ্ধার করে।

আলব্যামার জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সার্জেন্ট স্টিভ জ্যাররেট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জোন্সই শিশুগুলোর পুতে রাখা মৃতদেহগুলোর কাছে তাদের নিয়ে যান।