২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বোমায় আহরার আল-শামের প্রধান নিহত

সিরিয়ায় বোমা হামলায় দেশটির অন্যতম প্রভাবশালী সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী আহরার আল-শামের প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Sep 2014, 10:08 AM

Updated : 22 Aug 2022, 07:05 PM

মঙ্গলবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের রাম হামদান শহরে এ বিস্ফোরণে শীর্ষ নেতা হাসান আবুদসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে আহরার আল-শামের এক বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা বলেছে, ওই হামলায় সশস্ত্র গোষ্ঠীটির অন্তত ২৮ জন কমান্ডার নিহত হয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার উৎখাতে সশস্ত্র সংগ্রামে লিপ্ত দেশটির সাতটি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর জোট ইসলামিক ফ্রন্টের সদস্য আহরার আল-শাম।

ইরাক ও সিরিয়াজুড়ে বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খিলাফত ঘোষণাকারী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও লড়াই করে আসছে কট্টরপন্থী এই গোষ্ঠী। তাদের প্রতি উপসাগরীয় দেশগুলোর পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও বলা হয়ে থাকে।  

গত জানুয়ারিতে আলেপ্পোয় নিজের দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় আহরার আল-শামের নেতা আবু খালেদ আল-সৌরি নিহত হওয়ার পর ওই হামলার জন্য আইএসকে দোষারোপ করা হয়। আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের এক সময়ের সহযোদ্ধা সৌরি আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল-জাওয়াহিরিরও ঘনিষ্ঠ ছিলেন।

মঙ্গলবারের হামলার সম্পর্কে আহরার আল-শামের পলিটব্যুরোর সদস্য আবু মুস্তফা আল-আবসি আল জাজিরাকে বলেছেন, “আমরা এখনো বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত নই। তবে আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে তাকে দিয়ে এ হামলা ঘটানোর বিষয়টি নাকচ করছি না।”

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ওই গোষ্ঠীর প্রায় ৫০ নেতা রাম হামদান শহরের একটি বাড়িতে বৈঠকে মিলিত হলে বিস্ফোরণটি ঘটে।

২০১১ সালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনের সময় সিরিয়ায়ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে বিক্ষোভ শুরু হয়।

এরই এক পর্যায়ে আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়ে বেশ কয়েকটি গোষ্ঠী। গত প্রায় চার বছরের গৃহযুদ্ধে দেশটিতে এক লাখ ৯১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে।