আইএস’র বিরুদ্ধে হামলায় মার্কিনিদের সমর্থন বাড়ছে
সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দুইজন মার্কিন সাংবাদিকের শিরোশ্ছেদ করার পর তাদের বিরুদ্ধে হামলা চালানোর পক্ষে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমর্থন বাড়ছে।
ইরাক এবং সিরিয়ায় আইএস জঙ্গিদের ওপর হামলায় মার্কিনিদের সমর্থন অনেক বেড়েছে। এমনটিই দেখা গেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এবং এবিসি নিউজ পরিচালিত এক জরিপে।
ইরাকের উত্তরাঞ্চলে এক মাস আগে আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা বিমান হামলায় এখন সমর্থন দিচ্ছে প্রায় ৭১ শতাংশ মার্কিনি। মাত্র তিন সপ্তাহ আগেও যে সংখ্যা ছিল ৫৪ শতাংশ এবং জুনে ছিল ৪৫ শতাংশ।
আইএস এর বিরুদ্ধে শুধু বিমান হামলাই নয় উপরন্তু তাদের বিরুদ্ধে আরো চূড়ান্ত কিংবা বিতর্কিত কোনো ব্যবস্থা নেয়ারও পক্ষে রয়েছে ৬৫ শতাংশ মার্কিনি।
সম্প্রতি কয়েক সপ্তাহে মার্কিন সাংবাদিক জেমস ফোলি এবং স্টিভেন সলোফের শিরশ্ছেদের ঘটনা কেবল বিশ্বকেই নাড়া দেয়নি বরং ওয়াশিংটনেরও এ বিশ্বাস জন্মে গেছে যে, আইএস যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।
জরিপে দেখা গেছে, ১০ জনে ৯ জন মার্কিনিই আইএস সম্পর্কে এ ধারণা পোষণ করে এবং ১০ জনে ৬ জনই এ জঙ্গি গোষ্ঠীটিকে মারাত্মক হুমকি বলে মনে করে।
ইরাকের উত্তরাঞ্চলে আইএস এর সঙ্গে লড়াই করে যাওয়া কুর্দিদের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার পক্ষেও মার্কিনিদের সমর্থন বাড়তে দেখা গেছে জরিপে। এ সমর্থন অগাস্টের ৪৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে।
