২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র হুমকি নিয়ে ওবামা-আবাদি আলোচনা

ইসলামিক স্টেট (আইএস) এর হুমকি মোকাবিলায় ইরাকের নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Sep 2014, 11:12 AM

Updated : 22 Aug 2022, 07:04 PM

সোমবার এক টেলিফোন কলে বাগদাদকে সহায়তা করতে ওয়াশিংটনের দেয়া প্রতিশ্রুতির কথা জানিয়ে আবাদিকে ফোন করেন ওবামা, জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “ইরাকি জনগণের স্বাভাবিক ক্ষোভ ও প্রত্যাশা পূরণে নতুন সরকারের দ্রুত দৃঢ় পদক্ষেপ নেয়ার গুরুত্বে বিষয়ে প্রেসিডেন্ট (ওবামা) ও প্রধানমন্ত্রী (আবাদি) উভয়েই একমত হয়েছেন।”

“উভয়ের এই শত্রুর (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সক্ষমতাকে শক্তিশালী করার জন্য দেশের সব সম্প্রদায়ের সঙ্গে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।”

বাগদাদে নতুন সরকার গঠিত হওয়ায় অভিনন্দন জানিয়ে এটিকে “একটি গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “নৃতাত্ত্বিক ও সাম্প্রদায়িক বিভাজনকে পেছনে ফেলে, ইরাকি পার্লামেন্ট একটি নতুন ও বহুপাক্ষিক সরকার গঠন করেছে। এটি ইরাকের বহুধা বিভক্ত সম্প্রদায়গুলোকে একত্রিত করে একটি শক্তিশালী ইরাক গঠনের যোগ্যতা রাখে।”

“একতাবদ্ধ ইরাক সব সম্প্রদায়ের আকাঙ্খা ও প্রাপ্যকে বাস্তবায়নের ভবিষ্যৎ গঠন করার সুযোগ তৈরি করতে পারে,” বলেন তিনি।

তিনি জানান, আইএস জঙ্গিদের সঙ্গে “লড়াই, তাদের পর্যদুস্ত ও পরিশেষে পরাজিত করার লক্ষ্যে” মিত্রদের সম্ভাব্য বৃহত্তর জোট গঠনে আলোচনা করার জন্য মঙ্গলবার তিনি মধ্যপ্রাচ্য যাচ্ছেন।