২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ভারত ও পাকিস্তানে ২০০ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে ভারত ও পাকিস্তানের বিশাল এলাকা প্লাবিত হয়ে ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, দেশটির কাশ্মির ও পাঞ্জাব প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় অন্ততপক্ষে ১১০ জন মারা গেছেন।

অপরদিকে ভারতীয় কাশ্মিরে বন্যার পানি ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে এবং ভূমিধস সৃষ্টি করে ১১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ভারত ও পাকিস্তান সংশ্লিষ্ট অঞ্চলটি দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবিলা করছে।

বৃহস্পতিবার ভারতশাসিত কাশ্মিরে ৫০ জনের একটি বরযাত্রীবাহী বাস পানির তোড়ে পাহাড়ি খাদে পড়ে গেলে বহু মানুষ নিহত হন। নিহতদের মধ্যে বর ও নববধূও রয়েছেন।

পুরো অঞ্চলটিতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনো পরিষ্কায় নয়।

শনিবার ভারতীয় কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, প্রায় ১০০ জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, জম্মু ও কাশ্মিরে ভূমিধসে ১৪ জন নিহত হওয়া সহ বন্যায় ১২০ জনের মৃত্যু হয়েছে।

আবদুল্লাহ জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে।

তিনি বলেছেন, “এখন বৃষ্টি কিছুটা কমে এসেছে। এ কারণে বন্যার পানি নামতে শুরু করবে বলে আমরা আশা করছি।”

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, পাঁচদিনে বন্যায় দুই হাজারেরও বেশি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং জরুরিভিত্তিতে তাদের উদ্ধার করা দরকার।

এর আগে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আহমদ কামাল জানিয়েছেন, পাকিস্তানশাসিত কাশ্মিরে বন্যার তোড়ে ঘরবাড়ির ছাদ ধসে অন্ততপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।
ডন সংবাদপত্র জানিয়েছে, বন্যায় এক পাঞ্জাব প্রদেশেই ৪০ জনের মৃত্যু হয়েছে।

সংবাদপত্রটি আরো জানিয়েছে, বন্যায় লাহোর শহরের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে, অনেক বাড়িতে বৃষ্টির পানি আটকে আছে।