২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধবিরতি চুক্তি সই

পূর্ব ইউক্রেইনে প্রায় ৫ মাসের লড়াই অবসানে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করেছে ইউক্রেইন সরকার ও রুশপন্থি বিদ্রোহীরা। ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Sep 2014, 08:59 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বেলারুশের রাজধানী মিনস্কে এক বৈঠকে ইউক্রেইন সরকার ও বিদ্রোহী পক্ষ লড়াই বন্ধ করতে রাজি হয়।

শুক্রবার শেষ বেলা থেকে চুক্তি কার্যকর হবে বলে ট্যুইটারে ঘোষণা দিয়েছেন পোরোশেঙ্কো।

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্কে কয়েকমাস ধরে সরকারি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। উভয়পক্ষের লড়াইয়ে দুই সহস্রাধিক মানুষ নিহত হয়েছে।

সম্প্রতি যুদ্ধের তীব্রতা বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে নতুন করে যুদ্ধবিরতিতে যেতে মিনস্ক শহরে আলোচনায় বসেন উভয়পক্ষের কূটনীতিকরা।
দোনেস্কে সরকার পক্ষের গভর্নর সের্লি তারুতাও যু্দ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা নিশ্চিত করেছেন।

তবে এ প্রতিবেদন লেখার সময়ও চুক্তির বিস্তারিত তথ্য পাননি বলে জানান সের্লি।

ওদিকে, ইউক্রেইনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়েতসেনিউক বলেছেন, তিনটি গুরুত্বপূর্ণ উপাদান ঠিক রেখে বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রচেষ্টা শুরু করতে হবে।

তা হচ্ছে, উভয়পক্ষ যুদ্ধবিরতি শুরু করা। ইউক্রেইন থেকে রাশিয়ার সেনা, লুটেরা ও সন্ত্রাসীদের ফিরিয়ে নেয়া। এবং ইউক্রেইনকে তাদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়া বা আগের সীমান্ত আবার ফিরিয়ে আনা।