২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লিতে ৬ বিমানযাত্রীর ইবোলা পরীক্ষা

ইবোলা আক্রান্ত দেশ থেকে আসা ছয় বিমানযাত্রীকে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর বিশেষ চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 08:42 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মঙ্গলবার দুই নারী ও এক শিশুসহ ওই ছয়যাত্রীর দেহে ইবোলা ভাইরাস থাকার বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তবে তাদের অধিকতর পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকার খবরে বলা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, চিহ্নিত করা ওই ছয়জনকে একটি বিশেষ হাসপাতালে পর্যবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে।

ভারতে নয়াদিল্লি ও মু্ম্বাই বিমানবন্দরে যাত্রীদের ইবোলা পারীক্ষার জন্য ব্যাপকভিত্তিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা চলছে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, লাইবেরিয়াসহ পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত অঞ্চল হয়ে আসা বিমানগুলোকে অবতরণের পর একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হবে।

যাত্রীদের একটি ফরম পূরণ করতে দেয়া হবে, যেখানে তারা ইবোলার কোনো লক্ষ্ণ নিজেদের শরীরে পান কিনা তা লিখবেন।

যাত্রীদেরকে থারমাল স্কেনার নামের একটি যন্ত্রের মাধ্যমে শরীরে তল্লাশি চালানো হবে। যাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাদের নিয়ে যাওয়া হবে নির্জন স্থানের চিকিৎসাকেন্দ্রে।

মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।