জান্তা প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দিলেন থাই রাজা
থাইল্যান্ডের সামরিক বাহিনীর প্রধান জেনারেল প্রায়ুথ চান-ওচা’কে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন দেশটির রাজা ভূমিবল আদুলিয়াদেজ।
সোমবার রাজপ্রাসাদের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক রাজকীয় ফরমানে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, “মহামান্য রাজা জেনারেল প্রায়ুথ চান-ওচা’কে আজ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করার অনুমতি দিয়েছেন।”
রাজা ভূমিবলের এই অনুমতি দেয়া আনুষ্ঠানিকতা মাত্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রায়ুথের নেতৃত্বে থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, তা সত্বেও দেশটির সব ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই থাকবে।
বৃহস্পতিবার নিজের মনোনীত লোকদের নিয়ে গড়া পার্লামেন্ট প্রায়ুথকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। ১৯৭ সদস্যের মধ্যে ১৯১ জনই তারপক্ষে ভোট দেয়। আর তখনই তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হয়ে যায়।
প্রধানমন্ত্রী পদে প্রায়ুথই একমাত্র প্রার্থী ছিলেন।
সোমবারই ব্যাংককে সেনবাহিনীর সদর দপ্তরে প্রধানমন্ত্রী হিসেবে প্রায়ুথের রাজকীয় অভিষেক অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে।
আসছে সেপ্টেম্বরে সেনাপ্রধান হিসেবে অবসরে যাওয়ার কথা রয়েছে তার।
নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাজার অনুগত অভিজাত মহলের ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে থাইল্যান্ডে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল।
পরবর্তী সময়ে আদালতের রায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পদত্যাগে বাধ্য হলে তার দলের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশটির পরিচালনার ভার নিয়েছিল।
কিন্তু ২২ মে সেনাপ্রধান জেনারেল প্রায়ুথের নেতৃত্বে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতা গ্রহণের পরপরই দ্রুত বিরোধীদের মুখ বন্ধ করার ব্যবস্থা নেন প্রায়ুথ এবং বিক্ষোভ দমনে ব্যাংককের রাস্তায় সেনা মোতায়েন করেন।
বর্তমানে ৬০ বছর বয়সী জেনারেল প্রায়ুথ ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইংলাকের ভাই তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করার করার ক্ষেত্রে অন্যতম প্রধান সামরিক কর্মকর্তা হিসেবে ভূমিকা রেখেছিলেন।
