২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে কারাবিদ্রোহে নিহত ৪

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যাসকাভেল শহরের কারাগারে বিদ্রোহী কারাবন্দিরা চার সহবন্দিকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 10:59 AM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বিদ্রোহীরা কয়েকজন বন্দিকে কারাগার ভবনের ছাদ থেকে নিচে ফেলে দিলে তাদের মধ্যে দুজন নিহত হন এবং আরো দুজনকে শিরশ্ছেদে হত্যা করা হয়।

রোববার সকাল থেকে শুরু হওয়া এ বিদ্রোহে অন্ততপক্ষে ৭শ’ কারাবন্দি যুক্ত ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

কারাগারটির পরিচালনার ধরন থেকে শুরু করে পরিবেশিত খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে বন্দিরা অসন্তুষ্ট ছিল, যা থেকে বিদ্রোহের সূত্রপাত হয়।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিদ্রোহীরা কারাগারের একটি ভবনের ছাদে গলায় দড়ি বাঁধা কয়েকজনকে প্রহার করছেন।

বন্দিদের খাবার দেয়ার সময় কারারক্ষীরা দুর্ব্যবহার করলে কারাবন্দিরা ফুঁসে উঠে। এ সময় প্রায় এক হাজার বন্দি কারাগারের একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক ভাংচুরের পর সে অংশটিতে আগুন ধরিয়ে দেয়।

দাঙ্গারত বন্দিরা কাপড় পেঁচিয়ে নিজেদের মুখ ও মাথা আড়াল করে রাখে। বিদ্রোহীদের নেতারা অন্ততপক্ষে দুজন কারারক্ষীকে পণবন্দি করে রেখেছে বলে জানা গেছে।

বিদ্রোহীরা শিরশ্ছেদ করা এক বন্দির কাটা মাথা দেখিয়ে এক পণবন্দির ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কারা আইনজীবী জেইরো ফেরেইরা।

কারাগারের ভিতর “সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে” বলে স্থানীয় গ্যাজেটা দ্য পোভো সংবাদপত্রের কাছে করা মন্তব্যে জানিয়েছেন তিনি।

কারাবন্দি প্রতিদ্বন্দ্বী মাদক সন্ত্রাসীদের মধ্যে এসব সহিংসতার ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন বিবিসি’র রিও ডি জেনেইরো প্রতিনিধি।

বিদ্রোহ বন্ধ করতে আলোচনা শুরু করা হয়েছে বলে জানিয়েছে ও গ্লোবো সংবাদপত্র। আলোচনায় নেতৃত্ব দিতে পারানা রাজ্যের নিরাপত্তা মন্ত্রী মারিয়া তেরেজা উয়িল্লে গোমেজ কাসকাভেল গিয়েছেন।

বিশ্বের চতুর্থ শীর্ষ কারাবন্দির দেশ ব্রাজিল। এখানে মোট তিন লাখ বন্দি ধারণ ক্ষমতার কারাগারগুলোতে পাঁচ লাখ বন্দি রাখা হয়েছে।