ইরাকে বোমা হামলায় নিহত ৩৫
ইরাকের বিভিন্ন এলাকায় হামলা, বিস্ফোরণে শনিবার ৩৫ জন নিহত হয়েছে।
শুক্রবার একটি মসজিদে শিয়া মিলিশিয়াদের হামলায় অর্ধশতাধিক সুন্নি মুসল্লি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়।
ইসলামি স্টেট জঙ্গিদের দখলের হুমকিতে থাকা ইরাকে নতুন করে শিয়া-সুন্নি সংঘাত দেশটির ভবিষ্যত স্থিতিশীলতার জন্য আরেকটি চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
দেশটিতে উগ্রপন্থি আইএস জঙ্গিদের প্রতিরোধে প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে সরিয়ে নতুন ঐক্যমতের সরকার গঠনে রাজি হয়েছিল শিয়া-সুন্নিরা।
তবে শিয়া মিলিশিয়াদের গুলিতে সুন্নি সম্প্রদায়ের লোকজন নিহত হওয়ার পর দুই সম্প্রদায়ের মধ্যে নতুন করে তৃণমূল পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার ইরাকের দিয়ালা প্রদেশে জুমার নামাযের পর একটি মসজিদে মেশিনগানের গুলিতে ৬৮ জনকে হত্যা করে শিয়া মিলিশিয়ারা।
শনিবার স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী আরবিলে একাধিক বোমা হামলা চালানো হয়। এধরনের হামলা ওই এলাকায় বিরল।
এইদিন রাজধানী বাগদাদে গোয়েন্দা সদরদপ্তরে বোমা হামলা চালিয়ে আটজনকে হত্যা করে অজ্ঞাতনামারা।
আরবিল ছাড়াও কুর্দি প্রভাবাধীন কিরকুকে কুর্দি সেনাবাহিনী পেশমেরগা সদস্যদের লক্ষ্য করে চালানো বোমা হামলায় ১৮ জন নিহত হয়। কিছুদিন আগে আইএস জঙ্গিরাই কুর্দি যোদ্ধাদেরকে ইরাকের উত্তরাঞ্চল থেকে হটিয়ে দিয়েছিল।
সুন্নি নেতারা ক্ষুব্ধ
শুক্রবারের হামলার পর নতুন সরকার গঠন নিয়ে চলমান আলোচনা থেকে সরে দাঁড়িয়েছেন ইরাকের প্রভাবশালী দুই সুন্নি নেতা।
উপ-প্রধানমন্ত্রী সালেহ মুতলাক ও পার্লামেন্টের স্পিকার সালিম আল জিবরি শিয়া রাজনৈতিক জোটের সঙ্গে আলোচনা স্থগিত করেছেন।
শুক্রবারের ওই হামলা নিয়ে তদন্ত শেষ হওয়ার পর তারা আবার আলোচনায় ফিরবেন বলে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে। তবে তদন্তে পরিকল্পিত হত্যা বা এর চেয়েও নেতিবাচক কোনো ঘটনার প্রমাণ পাওয়া গেলে রাজনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
প্রগতীশীল সুন্নি নেতা জিবরি শনিবার এক বিবৃতিতে ইসলামিক স্টেট ও শিয়া মিলিশিয়াদের সমালোচনা করেছেন। শিয়ারা নির্বিচারে তার সম্প্রদায়ের লোকজনকে হত্যা করছে বলে অভিযোগ করেন তিনি।
