২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের জন্য হলেও সরুন: নওয়াজকে ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নির্বাচনে কারচুপি সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত চলাকালে ৩০ দিনের জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 06:53 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

শনিবার ওই প্রস্তাবের মধ্য দিয়ে নওয়াজের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ ও গণঅবস্থান করার পর কার্যতঃ আন্দোলন থেকে একধাপ পিছিয়ে আসলেন সরকার বিরোধী এই নেতা।

পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে তৃতীয় দফা আলোচনায় অচলাবস্থা না কাটায় নতুন ওই সিদ্ধান্তের কথা জানান পাকিস্তানের রাজনীতিতে নতুন মুখ হিসেবে পরিচিত সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। এর আগে আন্দোলনের অংশ হিসেবে দলের ৩৩ জন জাতীয় পরিষদ সদস্যসহ পদত্যাগের ঘোষণা দেন তিনি।

অবশ্য ওই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জাতীয় পরিষদের স্পিকার জানিয়েছেন। গণমাধ্যমে এমন খবর পাওয়া গেছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দেশটির অন্যতম বিরোধী দল। উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাসনের দায়িত্বেও আছে দলটি।

গত বছর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠন করে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। ওই নির্বাচনে ইমরানের দল পিটিআই ভালো ফল করলেও এতে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন তিনি।

তবে শনিবার দেশটির সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি নওয়াজ শরীফের সঙ্গে দেখা করে সরকারের প্রতি তার দলের সমর্থনের আশ্বাস দেন।