পাকিস্তানের ‘কন্টেইনার’ রাজনীতি
পাকিস্তানের টালমাটাল রাজনীতিতে হঠাৎ করেই আলোচনায় শিপিং কন্টেইনার। সরকার এবং বিরোধী দল- দু পক্ষের কাছেই ঢাউস আকৃতির এসব লোহার বাক্স হয়ে উঠেছে দারুণ জনপ্রিয়।
বিবিসি ম্যাগাজিনের এক প্রতিবদনে বলা হয়েছে, কন্টেইনার পাকিস্তানের রাজনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান একটি কন্টেইনারের পেছনে ১ লাখ ২০ হাজার রুপি ব্যয় করতেও পিছপা হননি।
জাহাজে করে মালামাল আনা নেয়ার জন্য এসব কনটেইনার তৈরি হলেও পাকিস্তানের নওয়াজ শরীফ সরকার সম্প্রতি বিরোধী দলের আন্দোলন ঠেকাতে এর অভিনব ব্যবহার শুরু করে। বিরোধী দল ইসলামাবাদের কোথাও সমাবেশ ডাকলে রাস্তার মাঝখানে ভারি কনটেইনার রেখে তৈরি করা হয় সরকারি প্রতিবন্ধকতা।
তবে বিরোধী দলও কম যায় না। ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফ (পিটিআই) বিশাল বিশাল ক্রেন নিয়ে এসে কনটেইনারের অবরোধ সরিয়ে ঠিকই আন্দোলন চালিয়ে যেতে থাকে।
এরইমধ্যে কনটেইনারের আরেকটি ‘সুবিধা’ আবিস্কার করেন পিটিআই নেতারা। তারা দেখতে পান, যে কোনো সমাবেশে কনটেইনার মঞ্চ হিসাবে ‘দারুণ’।
২০১৩ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত কিছুদিন ধরে রাজধানী ইসলামাবাদের রাস্তা দখল করে বিক্ষোভ করছে ইমরানের পিটিআই এবং ধর্মীয় নেতা তাহির উল কাদরির পাকিস্তান আওয়ামি পার্টি (পিএটি)।
সরকারবিরোধী এই বিক্ষোভে পিটিআই-পিএটিকর্মীদের যোগ দেয়া ঠেকাতে নওয়াজ শরীফ সরকার ইসলামাবাদের বিভিন্ন রাস্তায় শ’ খানেক কন্টেইনার ব্যবহার করে।
বিরোধীদের আন্দোলন-বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানে সরকারের পক্ষ থেকে কন্টেইনারের ব্যবহার অবশ্য নতুন কিছু নয়।
গত পাঁচ বছার ধরেই দেশটির সরকার বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে কন্টেইনার মজুত করেছে। উদ্দেশ্য একটাই, বিরোধীদের ঠেকাতে যে কোনো মুহূর্তেই যেন সেগুলো ব্যবহার করা যায়। এসব কন্টেইনারের অনেকগুলোতে আবার ‘পুলিশ’ লেখা রয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমে বিভিন্ন সময়ে কন্টেইনারের নানামুখী ব্যবহারের খবর ও ছবি প্রকাশিত হয়েছে।
গত বছর জানুয়ারিতে ইসলামাবাদে চারদিনের অবস্থান কর্মসূচি পালন করেন তাহির-উল কাদরি। সে সময় রাস্তার ওপর ঘরের মতো করে তৈরি করা সুদৃশ্য কন্টেইনারে আরামে ঘুমাতে দেখা গেছে তাকে। আধুনিক শৌচাগার, হিটিং সিস্টেমসহ আরাম-আয়েশের প্রায় সব ব্যবস্থাই তাতে ছিল।
পিটিআইয়ের পক্ষ থেকে ব্যয়ের অঙ্ক সম্পর্কে কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে টেলিভিশনের খবরে বলা হয়েছে, এতে বৈঠক করার সুবিধাসহ, টয়লেট, এবং ছাদে ওঠার প্যাঁচানো সিড়িও রয়েছে। ধারণা করা হচ্ছে রূপান্তরিত এই কন্টেইনারটি বোমা প্রতিরোধক।
পাকিস্তানের পুলিশ আর রাজনীতিকদের কাছে শিপিং কন্টেইনার জনপ্রিয় হয়ে উঠলেও কার্যত এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ইসলামাবাদের সাধারণ মানুষকে।রাস্তায় ‘কন্টেইনার ব্যারিকেড’ থাকায় অনেকটা পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।কন্টেইনার হয়ে উঠেছে যানজটের কারণ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কন্টেইনার রাজনীতির কারণে পাকিস্তানের ব্যবসা-বাণিজ্যেও পড়ছে নেতিবাচক প্রভাব।
দেশটির বেসরকারি একটি পণ্য পরিবহন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা সম্প্রতি অভিযোগ করেছেন, গত দুই সপ্তাহে সরকার তাদের ১৪শ কন্টেইনার নিয়ে গেছে। এর বিপরীতে বাজার দরের চেয়ে অনেক কম ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে তাদের।
