গাজা ‘গণহত্যা’র নিন্দায় প্রভাবশালী ইহুদিরা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি গণহত্যা (হলোকাস্ট) থেকে বেঁচে যাওয়া তিনশ’রও বেশি ইহুদি এবং বেঁচে যাওয়া ইহুদিদের উত্তরসূরীরা গাজায় ফিলিস্তিনি লোকজনের ওপর চালানো ইসরায়েলি ‘গণহত্যার’ নিন্দা জানিয়েছেন।
দ্য ইন্টারন্যাশনাল জিউইশ অ্যান্টি-জায়নিস্ট নেটওয়ার্ক এক প্রকাশ্য বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করেছেন।
বিবৃতিটি নিউইয়র্ক টাইমসে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে বলে শনিবার জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে গাজা’র ওপর আরোপিত অবরোধ উঠিয়ে নেয়ার পাশাপাশি ইসরায়েলকে বয়কট করারও আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা “ঐতিহাসিক ফিলিস্তিনের উপনিবেশিকরণের” বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে “ইসরায়েলি সমাজে ফিলিস্তিনিদের বর্ণবাদি অমানুষিকরণ, যা এখন চরম পর্যায়ে পৌঁছেছে”, তার নিন্দা করা হয়।
এতে বলা হয়, “বেঁচে যাওয়া ইহুদি হিসেবে এবং বেঁচে যাওয়াদের (ইহুদি) উত্তরসূরি হিসেবে এবং নাৎসি গণহত্যার শিকার হিসেবে আমরা দ্ব্যর্থহীনভাবে গাজায় ফিলিস্তিনিদের নির্বিচার হত্যাকাণ্ডের এবং ধারাবাহিক দখলদারিত্বের এবং ঐতিহাসিক ফিলিস্তিনের উপনিবেশিকরণের নিন্দা জানাচ্ছি।”
“ইসরায়েলকে এই হামলা চালিয়ে যেতে তহবিল যুগিয়ে সহায়তা করার জন্য আমরা যুক্তরাষ্ট্রের এবং নিন্দা জানানো থেকে ইসরায়েলকে রক্ষা করতে তাদের কূটনৈতিক পেশি ব্যবহার করায় পশ্চিমা দেশগুলোরও নিন্দা জানাচ্ছি।”
“বিশ্বের নীরবতার সুযোগ নিয়েই গণহত্যা শুরু হয়।”
বিবৃতিতে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে একঘরে করার আহ্বান জানানোর কথা বলা হয়।
সংগঠকরা জানিয়েছেন, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত নোবেল পুরস্কার জয়ী লেখক এলি উয়িজেল’র লেখা এক বিজ্ঞাপনে সাড়া দিয়ে এই বিবৃতিটি তৈরি করা হয়েছে।
এলি উয়িজেলের বিজ্ঞাপনে “শিশুদের উৎসর্গ” করার জন্য হামাসকে দায়ী করে সংগঠনটি নাৎসিদের মতো আচরণ করছে বলে অভিযোগ করা হয়েছিল।
গাজায় গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ২,০৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক। অপরদিকে হামাসের পাল্টা হামলায় ইসরায়েলি পক্ষের ৬৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৪ জনই সেনা সদস্য।
