১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পর্যটন ক্যাম্পে ইউক্রেইনের হামলায় নিহত ১১: রাশিয়া

জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার বসানো গভর্নর জানিয়েছেন, উপকূলীয় পর্যটন শহর কিরিলিওকায় এ হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন।

পর্যটন ক্যাম্পে ইউক্রেইনের হামলায় নিহত ১১: রাশিয়া
ইউক্রেইনের জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কেট। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 11:05 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ইউক্রেইনের জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার অধিকৃত অংশে একটি হলিডে ক্যাম্পে রাতে ইউক্রেইনের এক হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছে বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। 

বেসামরিকদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলার জন্য শনিবার কিইভকে অভিযুক্ত করেছে মস্কো। তবে এ বিষয়ে রয়টার্সের করা মন্তব্যের অনুরোধে ইউক্রেইন তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের মধ্যে রাশিয়া ও ইউক্রেইন, উভয়েই বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করে আসছে।

জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়ার বসানো গভর্নর ইয়েভগেনি বালিতস্কি টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন, আজভ সাগরের উপকূলীয় পর্যটন শহর কিরিলিওকায় এ হামলায় আরও ১৬ জন আহত হয়েছে।    

তিনি বলেছেন, “শত্রু দেখেছে আর বুঝেছে কাকে তারা লক্ষ্যস্থল করছে।” 

ইউক্রেইন শনিবার বলছে, তাদের ড্রোনগুলো রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি তেল শোধনাগার ও ক্যাস্পিয়ান সাগরে একটি তেল প্লাটফর্মে আঘাত হেনেছে। আর উভয় দেশই দাবি করেছে তারা একে অপরের জাহাজে আঘাত হেনেছে যেগুলো সামরিক রসদ বহন করছিল। 

রাশিয়ার যে দুই লক্ষ্যস্থলে ইউক্রেইন আঘাত হানার দাবি করেছে তা তাদের সীমান্ত থেকে যথাক্রমে ২০০০ কিলোমিটার ও ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। এতে ইউক্রেইনের ড্রোনের পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির বিষয়টি উঠে আসছে। এ ধরনের দীর্ঘ পাল্লার হামলাগুলো রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে ম্লান করবে ও ক্রেমলিনের ওপর শান্তি প্রতিষ্ঠার চাপ তৈরি করবে।

ইউক্রেইনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, তারা রাশিয়ার লুকোয়েল কোম্পানির ফিলানভস্কি তেল প্লাটফর্মে আঘাত হেনেছে। এই প্লাটফর্মটি কাস্পিয়ান সাগরে রাশিয়ার বৃহত্তম তেল খনির একটি অংশ। 

কথিত এ হামলার বিষয়ে রয়টার্সের করা মন্তব্যের অনুরোধে লুকোয়েল তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। 

সাইবেরিয়ার তুমেয়েন অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে যে একটি ড্রোন তাদের অঞ্চলের তেল শোধনাগারটিতে আঘাত হেনেছে আর তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে শোধনাগারের কার্যক্রম বিঘ্নিত হয়েছে কি না, তা পরিষ্কার হয়নি।