১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভিয়েতনামে হড়কা বানে ৪ মৃত্যু, নিখোঁজ ৪

বর্ষাকালে ভিয়েতনামে প্রায়ই প্রাণঘাতী ঝড় ও বন্যা হয়। দেশটিতে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালের তীব্রতা থাকে।

ভিয়েতনামে হড়কা বানে ৪ মৃত্যু, নিখোঁজ ৪
উত্তর ভিয়েতনামের লাই চাও প্রদেশের মুয়ং থান গ্রামের বন্যা কবলিত এলাকায় উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 01:02 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

ভিয়েতনামের এক পার্বত্য গ্রামে হড়কা বানে অন্তত চারজনের মৃত্যু হয়েছে ও আরও চারজন নিখোঁজ হয়েছে। 

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম শনিবার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় প্রদেশ লাই চাওয়ের মুয়ং থান গ্রামে শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। 

ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের পর ঘটনাটি ঘটেছে। 

বর্ষাকালে ভিয়েতনামে প্রায়ই প্রাণঘাতী ঝড় ও বন্যা হয়। দেশটিতে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালের তীব্রতা থাকে।  

দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত বছর প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে ৪৮৯ জনের মৃত্যু হয়। এদের অধিকাংশের মৃত্যু হয়েছে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে। 

গণমাধ্যমে আসা ছবিগুলোতে দেখা গেছে, মুয়ং থান গ্রামটি লাল কাদার স্রোত ও বন্যার পানিতে ডুবে আছে, একটি ক্ষতিগ্রস্ত রাস্তার কোনায় পাথর ও গাছের গুড়ি স্তূপ হয়ে জমে আছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ভারি বৃষ্টির কারণে বুধবার থেকে ভূমিধস ও হড়কা বানের মতো ঘটনা ঘটছে। এতে রাস্তা, বৈদ্যুতিক লাইন ও কয়েকশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের ২৩৮ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।   

সংস্থাটি আরও হড়কা বান ও ভূমিধসের সতর্কতা জারি করেছে।