২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পার্লামেন্টের সদস্যপদ ছাড়বে পিটিআই

পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার পরদিনই দেশটির রাজধানীতে অবস্থিত ‘রেড জোন’ অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ (পিটিআই)।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

দলটির এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে সোমবার রাতে বিবিসি জানিয়েছে, এর মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে হটাতে চাপ বৃদ্ধির চেষ্টা হিসেবে দেশটির জাতীয় পরিষদ থেকে দলটির সব সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২টি আসনের মধ্যে পিটিআই’র আসন ৩৪টি। দলটি পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধীদল।

২০১৩’র সাধারণ নির্বাচনে শরিফের দল মুসলিম লিগ (এন) কারচুপি করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন ইমরান।

নির্বাচনে মুসলিম লিগ (এন) বিশাল বিজয় অর্জন করেছিল।

পিটিআই’র জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কোরেশি বলেছেন, তাদের দলের সদস্যরা পাকিস্তানের চারটি প্রাদেশিক পরিষদের মধ্যে তিনটি থেকে পদত্যাগ করবে। শুধু পিটিআই’র নেতৃত্বাধীন খাইবার পাখতুন খোয়ার প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগে বিরত থাকবেন তারা।

এমপিদের পদত্যাগপত্র জাতীয় পরিষদের স্পিকারের কাছে জমা দিতে হবে। কিন্তু সোমবার পালার্মেন্টের অধিবেশন স্থগিত থাকায় পরবর্তী কোনো দিন পার্লামেন্ট সচল থাকা অবস্থায় কাজটি করতে হবে তাদের।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ‘রেড জোন’ অভিমুখে মিছিলে যোগ দিবেন বলে ঘোষণা করেছেন ইমরান। ‘রেড জোন’ এলাকাটিতে পাকিস্তানের প্রায় সব সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

রাজধানীর এই সুরক্ষিত এলাকায় কোনো ধরনের প্রতিবাদ করতে দেয়া হবে না বলে সরকারপক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে।

এরপরও যদি পিটিআই মিছিল নিয়ে ‘রেড জোন’র দিকে এগিয়ে যায় তবে সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন বিবিসি’র ইসলামাবাদ প্রতিনিধি।