২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরের লন্ডন দূতাবাস ছাড়তে চান অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন নথি ফাঁস করে হৈ চৈ ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ খুব শিগগিরিই ইকুয়েডরের লন্ডন দূতাবাস ছেড়ে দেয়ার পরিকল্পনা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 08:09 PM

Updated : 25 Apr 2022, 04:34 PM

সুইডেনে যৌন অপরাধের একটি মামলা এড়াতে তিনি দু’বছরের বেশি সময় এ দূতাবাসে ছিলেন। কিন্তু তিনি এ চেষ্টা নিলে যুক্তরাজ্য তাকে এখনো গ্রেপ্তার করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইকুয়েডরের পররাস্ট্রমন্ত্রী রিকার্ডো প্যাটিনোর পাশাপাশি অ্যাসাঞ্জ আকস্মিক এ ঘোষণা দেন। কিন্তু অ্যাসাঞ্জের মুখপাত্র তার তাৎক্ষণিক প্রস্থানের সম্ভাবনা কম বলে জানিয়েছেন।

কারণ, দূতাবাস ছাড়তে হলে ব্রিটিশ সরকারকে প্রথমে তার অবস্থান পাল্টাতে হবে এবং গ্রেপ্তার করা ছাড়া অ্যাসাঞ্জকে দূতাবাস ছাড়তে দিতে হবে। কিন্তু ব্রিটিশ সরকার বরাবরই তা করতে অস্বীকৃতি জানিয়েছে এসেছে।

সুইডেনে যৌন অপরাধ মামলায় জেরা এবং সুইডেনে হস্তান্তর এড়াতে অ্যাসাঞ্জ ২০১২ সালের জুনে দূতাবাসে পালিয়ে যান। যৌন অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

অ্যাসাঞ্জের আশঙ্কা সুইডেনে তাকে হস্তান্তর করা হলে পরে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হতে পারে। যুক্তরাষ্ট্রে গোপন নথি ফাঁসের মামলা আছে তার বিরুদ্ধে।

তবে লন্ডন দূতাবাস ছাড়লেও জামিনের শর্ত ভঙ্গ হওয়ায় গ্রেপ্তার হতে পারেন অ্যাসাঞ্জ।