প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন মালিকি
ইরাকের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন নুরি আল মালিকি। এতে দেশটির রাষ্ট্রক্ষমতা নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটেছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
এ সময় নতুন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ও অন্যান্য শীর্ষস্থানীয় শিয়া নেতারাও টেলিভিশন স্টেশনে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
ইরাকের পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার আবাদির কাছে ক্ষমতা হস্তান্তর করতে কয়েকদিন ধরে ব্যাপক চাপের মুখে ছিলেন মালিকি।
ভাষণে নিজের পদত্যাগের ঘোষণার আগে ইসলামিক স্টেট’র (আইএস) “সন্ত্রাসীদের” ভয়াবহ হুমকির কথা উল্লেখ করেন মালিকি।
ভাষণের শেষ পর্যায়ে তিনি বলেন, “আজ আমি আপনাদের সামনে ঘোষণা করছি, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং নতুন সরকার গঠনের জন্য আমি আমার ভাই ডক্টর হায়দার আল আবাদির পক্ষে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।”
নিজের আট বছরের শাসনের উল্লেখ করে মালিকি বলেন, এর বেশিরভাগ সময় ব্যাপক সন্ত্রাস ও সরকারবিরোধী তৎপরতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তাকে। ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হলেও আইনের প্রতি অবিচল থেকে সহিংসতাকে এড়িয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
শেষ পর্যন্ত তাকে ঘিরে এক ফোঁটা রক্তপাতও এড়াতে চান বলে জানিয়েছেন তিনি।
ইরাকের বিরাট অংশ দখল করে নেয়া সুন্নি বিদ্রোহী জঙ্গিদের অগ্রযাত্রা রুখতে ব্যর্থ হচ্ছিলেন মালিকি। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে মালিকিকে সরিয়ে আবাদিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম।
শিয়া-সুন্নি, আরব–কুর্দিতে বিভক্ত ইরাকের অখণ্ডতা রক্ষায় পক্ষগুলোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতেও ব্যর্থ হচ্ছিলেন মালিকি। সুন্নিদের রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে বিদ্রোহের দিকে ঠেলে দেয়ার জন্য তার সাম্প্রদায়িক ও স্বৈরাচারী শাসনকে দায়ী করা হচ্ছিল।
ইরাকের সংখ্যালঘু প্রতিটি সম্প্রদায়ের নেতারাই মালিকির ওপর অসন্তুষ্ট ছিলেন। তার পদত্যাগ দাবী করে আসছিলেন তারা।
সুন্নি ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের বিরাট অংশ দখল করে বাগদাদের দিকে অগ্রসর হতে থাকলে সংখ্যাগরিষ্ঠ শিয়াদের মধ্যেও জনপ্রিয়তা হারান মালিকি।
প্রতিবেশী শিয়াপ্রধান দেশ ইরান ও মালিকিকে ক্ষমতায় বসানো যুক্তরাষ্ট্রও তাকে সরিয়ে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছিল।
এ পরিস্থিতেই ইরাকের সবপক্ষগুলোর মধ্যে ঐক্য সাধন করে আইএস’কে প্রতিরোধে নেতৃত্ব দিতে পারবেন বিবেচনায় অপেক্ষাকৃত গ্রহণযোগ্য শিয়া নেতা আবাদিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়।
কিন্তু প্রথমদিকে আবাদির মনোনয়ন প্রত্যাখ্যান করে ক্ষমতা ছাড়তে অস্বীকার করেন মালিকি।
ক্ষমতায় থাকাকালে সশস্ত্র বাহিনীর মধ্যে নিজের ক্ষমতার যে ভিত্তি তৈরি করেছিলেন মালিকি তা এই পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন বিবেচনায় বাগদাদে আতঙ্ক তৈরি হয়েছিল।
মালিকির অনুগত সেনারা বাগদাদের রাস্তাগুলোতে অবস্থানও নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হওয়ায় কোনো রক্তপাত ছাড়াই দেশটিতে কিছুদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল।
