দুই কোরিয়ার সংলাপ আহ্বান পোপের
দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে দুই কোরিয়ার বৈরিতা দূর করতে দেশদুটিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস।
ওদিকে, বৃহস্পতিবার পোপকে বহনকারী বিমান যখন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে, তখনই আকাশে পর পর পাঁচটি রকেট নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
গত বছর মার্চে পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এশিয়া সফরে আসলেন ক্যাথলিক খ্রিস্টান জগতের এই ধর্মগুরু। সেখানে পাঁচদিন অবস্থান করে ধর্মের কারণে নিহত কয়েকজন খ্রিস্টান অনুসারীকে ‘বিউটিফিকেশন’ এবং ‘ব্যাপটিজম’-এ ভূষিত করবেন পোপ। এছাড়া, ক্যাথলিক যুবকদের একটি সম্মেলনেও যোগ দেবেন তিনি।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পোপ বলেন, “কোরিয়া উপদ্বীপের স্থিতিশীলতা এই অঞ্চল, এমনকি পুরো বিশ্বের স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।
“সংলাপ ও ধৈর্য্য ধরে শোনার মানসিকতা শান্তি আনতে পারে। পারস্পরিক দোষারোপ, অর্থহীন সমালোচনা আর শক্তি প্রদর্শন কখনো শান্তি আনতে পারে না।”
আগামী প্রজন্মের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত রাখতে কোরীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “আমাদের তরুণ প্রজন্মকে শান্তি উপহার দেয়ার প্রয়োজনীয়তা বুঝে কাজ করা বেশি প্রয়োজন বলে আমি মনে করি।”
সকালে পোপকে বহনকারী বিমান যখন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে পর পর তিনটি রকেট উৎক্ষেপণ করে। এছাড়া, দুপুরের দিকেও আরো দুটি রেকেট নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
চলতি মাসে আকাশে আরো কয়েকটি রকেট উড়িয়েছে উত্তর কোরিয়া। আগামী সোমবার শুরু হতে যাওয়া যু্ক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে রকেটগুলো নিক্ষেপ করা হচ্ছে বলে পিয়ংইয়ংয়ের দাবি।
দক্ষিণ কোরিয়ায় পাঁচদিন অবস্থান করবেন পোপ। দেশটিতে ক্যাথলিক চার্চের উত্থান হচ্ছে। দেশটিতে ৫৪ লাখ ক্যাথলিক রয়েছে যা মোট জনসংখ্যার শতকরা ১০ দশমিক চার ভাগ।
সফরকালে ১৮শ ও ১৯শ শতকে নিহত ১২৪ জন খ্রিস্টানকে ‘ব্যাপটিজম’ এ দীক্ষিত এবং অপর একজনকে বিউটিফিকেশন করবেন পোপ।
খ্রিস্টান ধর্মে ‘বিউটিফিকেশন’ হল ব্যক্তির সফলতার গুরুত্বপূর্ণ স্তর, যা পোপ নিষ্ঠাবান অনুসারীদের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকেন।
