শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল-ফিলিস্তিনের প্রতি পোপের আহ্বান
“হারের ভয়ে ভীত না হয়ে আলোচনার” মাধ্যমে জনগণের কাম্য শান্তির জন্য “অবশ্যই সাড়া দেয়া” উচিত বলে ইসরায়েল ও ফিলিস্তিন নেতাদের বলেছেন পোপ ফ্রান্সিস।
রোববার ভ্যাটিকানে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের নিয়ে আয়োজিত এক নজিরবিহীন প্রার্থনা সভায় পোপ এ কথা বলেন।
ওই দিন সন্ধ্যায় ভ্যাটিকানের বাগানে দুই ঘন্টার ওই প্রার্থনা শেষে উপস্থিত ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজ ও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আন্তরিক এ আহ্বান জানান।
বৈরি দেশ দুটির দু’নেতার এ মিলনের মাধ্যমে ভেঙে যাওয়া মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা আবার শুরু হবে বলে আশা করছেন পোপ ফ্রান্সিস।
পোপ বলেন, “যুদ্ধ করার চেয়েও শান্তি প্রতিষ্ঠার ডাক দিতে বেশি সাহস লাগে। সাহস করে মুখোমুখি হওয়াকে ‘হ্যাঁ’ বলুন এবং দ্বন্দ্বকে ‘না’ বলুন; কথা বলাকে ‘হ্যাঁ’ বলুন আর সহিংসতাকে ‘না’ বলুন; আলোচনাকে ‘হ্যাঁ’ আর শত্রুতাকে ‘না’ বলুন।”
ইটালিয়ান ভাষায় দেয়া শক্তিশালী এ বক্তৃতায় ফ্রান্সিস চুক্তির প্রতি শ্রদ্ধা দেখানোর এবং অপরকে উত্তেজিত করার ধারা প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
তিনি বলেন, “এসব করতে সাহস লাগে, শক্তি এবং দৃঢ়তা লাগে।”
ইহুদি রাব্বিসরা তাওরাত থেকে, খ্রিস্টান যাজকরা বাইবেল থেকে এবং মুসলিম ইমামরা কোরান থেকে পাঠ করার পর এসব কথা বলেন পোপ।
ইটালিয়ান, ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালিত হয়। ভ্যাটিকানে এবারই প্রথম এ ধরনের আন্তঃধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হল।
