২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক যাজকই শিশু নিপীড়ক

ক্যাথলিক গির্জার অনেক যাজকই পিডোফাইলস (শিশুদের প্রতি যৌন আসক্তি) আক্রান্ত। শিশু নিপীড়নকারী এমন যাজকের সংখ্যা প্রায় ২ শতাংশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 08:36 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

ইতালির ‘লা রিপাবলিকা’ পত্রিকা ভ্যাটিক্যানের প্রধান পোপ ফ্রান্সিস এর বরাত দিয়ে এ খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

শিশুদের সঙ্গে এ ধরনের অসদাচরণকে গির্জার ‘কুষ্ঠরোগ’ বলে পোপ মন্তব্য করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। জনদাবির পরিপ্রেক্ষিতে শিশুদের প্রতি ধর্মবেত্তাদের যৌন নিপীড়নের বিরুদ্ধে খড়গহস্ত হওয়ার আহ্বান জানান পোপ।

তবে ভ্যাটিক্যানের একজন ‍মুখপাত্র দাবি করেন, এ বিষয়ে পোপের বক্তব্য পত্রিকাটির প্রতিবেদনে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। রোমে বিবিসি’র প্রতিবেদক ডেভিট উইলিও জানান, পোপের অনানুষ্ঠানিক ওই বক্তব্য নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে।

পোপের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, তার উপদেষ্টাদের বিবরণ মতে, বিশ্বের গির্জা সংশ্লিষ্ট দুই শতাংশ ধর্মীয় ব্যক্তি ‘চাইল্ড অ্যাবিউজ’ বা শিশু যৌন হয়রানির সঙ্গে জড়িত। চার লাখেরও বেশি যাজকের মধ্যে অন্তত আট হাজার এই অপরাধে জড়িত বলে পত্রিকাটির খবর।