ফিলিস্তিনের পশ্চিমতীর সফরে পোপ ফ্রান্সিস
মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে ক্যাথিলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ফিলিস্তিনের পশ্চিমতীরে যাচ্ছেন। পশ্চিমতীরের বেথেলহেম শহরে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল।
রোববার জর্দান থেকে হেলিকপ্টার যোগে সরাসরি বেথেলহেমের উদ্দেশ্যে রওয়ানা হন পোপ।
তিনিই প্রথম পোপ যিনি ইসরায়েল হয়ে না গিয়ে সরাসির পশ্চিমতীরের উদ্দেশ্যে রওয়ানা হলেন। পূর্ণ রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টারত ফিলিস্তিন সরকার তাদের প্রচেষ্টার অংশ হিসেবে পোপকে সরাসরি পশ্চিমতীরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
শনিবার জর্দান সফরের মধ্য দিয়ে পোপ তার তিনদিনের মধ্যপ্রাচ্য সফর শুরু করেন। পশ্চিমতীরের পর ফিলিস্তিনের বিভিন্ন এলাকা ও ইসরায়েল সফরের মাধ্যমে তার এ সফর শেষ হবে।
রাজনৈতিকভাবে স্পর্শকাতর পশ্চিমতীরে পোপের উচ্চারিত প্রতিটি শব্দ বিশ্ব গণমাধ্যমগুলোর মনোযোগ কাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গির্জা কর্মকর্তারা জানিয়েছেন, এই অঞ্চলে পোপের তিনদিনের সফর পুরোপুরি ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ থাকবে। তবে এক প্রজন্ম ধরে বিদ্যমান মধ্যপ্রাচ্য সঙ্কট অগ্রাহ্য করা পোপের পক্ষে অসম্ভব হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বেথেলহেমের যে জায়াগায় যিশুর জন্ম হয়েছিল বলে খ্রিস্টানরা বিশ্বাস করেন সেই ম্যাঞ্জার চত্বরে পোপের একটি উন্মুক্ত প্রার্থনা সভা পরিচালনা করার কথা রয়েছে।
পোপের আগমণ উপলক্ষে বেথেলহেম শহরজুড়ে বেশ কিছু ম্যুরাল তৈরি করা হয়েছে যেগুলোতে ফিলিস্তিনিদের অভিজ্ঞতাকে যিশুর দুর্ভোগের সঙ্গে তুলনা করে দেখানো হয়েছে।
এমন এক সময় পোপ খ্রিস্টধর্মের এই পূণ্যভূমি সফরে এসেছেন যখন এখানকার দুই প্রতিবেশী ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা কোনো শান্তিচুক্তি ছাড়াই শেষ হয়েছে।
ইসরায়েলের পাশাপাশি শান্তিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে সমর্থন করে ভ্যাটিকান। তবে পুরো সফরে পোপ ফ্রান্সিস রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখবেন, এমন ধারণাই করা হচ্ছে।
আগের দিন জর্দান সফরের সময় ফ্রান্সিস সিরিয়ার গৃহযুদ্ধ শেষ করার আবেদন জানিয়েছেন।
