প্রথম নারী ইরানের মরিয়ম পেলেন ‘গণিতের নোবেল’
বিশ্বের প্রথম নারী হিসেবে গণিত চর্চার সর্বোচ্চ পদক ‘ফিল্ডস মেডেল’- ২০১৪ লাভ করেছেন ইরানের নাগরিক অধ্যাপক মরিয়ম মির্জাখানি।
ওই শাস্ত্রের জটিল কিছু সমস্যার সমাধানের স্বীকৃতি হিসেবে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের অধ্যাপক মরিয়মকে পুরস্কারটি দেয়া হয় বলে বিবিসি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কানাডার গণিতবিদ জন ফিল্ডসের নামে ১৯৩৬ সালে ‘ফিল্ডস মেডল’ পুরস্কার চালু করা হয়, যা গণিত শাস্ত্রের ‘নোবেল’ হিসেবে বিবেচিত। পুরস্কারের অর্থমূল্য নগদ ১৫ হাজার কানাডিয়ান ডলার।
১৯৫০ সালের পর থেকে সর্বোচ্চ চারজন গবেষককে এই পুরস্কার দেয়া হচ্ছে।
এ বছর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথমেটিসিয়ান’ অনুষ্ঠিত হয়, যাতে চারজন গণিতবিদকে ‘ফিল্ডস মেডেলে’ ভূষিত করা হয়।
পুরস্কার পাওয়ার পর মির্জাখানি বলেন, “এই পুরস্কার আমার জন্য অনেক সম্মানের। আমি আরো খুশি হব যদি আমার পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে তরুণ নারী বিজ্ঞানী ও গাণিতিকরা উৎসাহ পায়। আমি নিশ্চিত আগামী দিনে আরো অনেক নারী এধরনের পুরস্কার পাবে।”
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়, জ্যামিতিতে বিশেষ অবদানের জন্য বিশেষ করে সেমেট্রি অব কার্ভড সারফেস বা বক্রতলের প্রতিসাম্য বোঝার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য মরিয়ম ‘ফিল্ডস মেডেল’ পুরস্কার পান। গণিত, পদার্থবিদ্যা ও বিজ্ঞানের অন্যান্য শাখায় ওই গবেষণা বিশেষ ভূমিকা রাখবে।
ইরানের গণমাধ্যমের প্রতিবেদন মতে, ১৯৭৭ সালে তেহরানে জন্মগ্রহণকারী মির্জাখানি ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে গণিতে স্নাতক ডিগ্রি নেন। তিনি ২০০৪ সালে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে।
এর আগে তিনি বিশুদ্ধ গণিতে ‘ব্লুমেনথাল অ্যাওয়ার্ড ফর অ্যাডভান্সমেন্ট অব রিসার্চ’ এবং আমেরিকার গণিত সোসাইটির দেয়া স্যাটের পুরস্কারও অর্জন করেছেন।
২০০৮ সালে মাত্র ৩২ বছর বয়সে তিনি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের অধ্যাপক হয়ে যান। মির্জাখানি গণিতের যে সব বিষয়ে রিসার্চ করছেন তার মধ্যে হাইপারবোলিক জিওমেট্রি, টেইচমুলার থিউরি, এরগোডিক থিওরি এবং সিমপ্লেকটিক জিওমেট্রি রয়েছে।
মরিয়ম ছাড়াও যুক্তরাজ্যের ওরিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন হেইরের, ব্রজিলের নাগরিক ড. আর্টার এভিলা এবং কানাডার বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক অধ্যাপক মানজুল ভারগাভা এবারের ফিল্ডস মেডেল পেয়েছেন।
