রাশিয়ার ত্রাণ ঢুকতে দেব না: ইউক্রেইন
রাশিয়ার পাঠানো ত্রাণবহর ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ।
ফেইসবুকের পাতায় তিনি বলেন, “পুতিনের কোনো মানবিক ত্রাণ বহর খারকিভ অঞ্চলে ঢুকতে দেয়া হবে না”। আগ্রাসনকারীর কোনো উস্কানি বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেইনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুকও রাশিয়ার ত্রাণ পাঠানোর নিন্দা করে একে রাশিয়ার নৈরাজ্যবাদী তৎপরতা বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, “রাশিয়ার নৈরাজ্যবাদের কোনো সীমা নেই।প্রথমে তারা ট্যাংক, গ্রাদ ক্ষেপণাস্ত্র পাঠানোসহ ইউক্রেইনের নাগরিকদের মারতে দস্যুদের পাঠিয়েছে। আর এখন তারা পানি আর লবণ পাঠাচ্ছে”।
সংঘর্ষপীড়িত পূর্ব ইউক্রেইনে ট্রাকে করে মানবিক ত্রাণ পাঠাচ্ছে রাশিয়া। বুধবার দক্ষিণমুখে দ্বিতীয় দিনের মতো যাত্রা শুরু করেছে গাড়িবহর।
প্রায় ৩শ’ গাড়ির এ ত্রাণবহরকে রাতে দক্ষিণাঞ্চলীয় ভোরোনেজ শহরে থামানো হয়। বুধবার দিনশেষে গাড়িগুলো ইউক্রেইন সীমান্তে পৌঁছার কথা রয়েছে।
কিন্তু এ ত্রাণ কিভাবে সরবরাহ করা হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। রাশিয়া ত্রাণ সরবরাহের নামে ইউক্রেইনে আগ্রাসণ চালাতে পারে এমন শঙ্কার মধ্যে এ অনিশ্চয়তা বিরাজ করছে।
রাশিয়ার গণমাধ্যম এবং কর্মকর্তারা জানান, লরিতে করে প্রায় ২ হাজার টন ত্রাণ মঙ্গলবার সকালে মস্কো থেকে পাঠানো হয়েছে লুহান্সকের উদ্দেশ্যে।
জরুরি ওষুধ সামগ্রী ও শিশুখাদ্যের ওই ত্রাণ বহর রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের এলাকায় লড়াইয়ের মধ্যে আটকা পড়ে থাকতে দেখা যায় রাশিয়া টিভিতে।
রাতভর ভোরোনেজ এলাকায় কাটানোর পর এখন আবার ইউক্রেইনের খারকিভ অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে ত্রাণবহর।
ইউক্রেইন এর আগে কয়েকটি শর্তসাপেক্ষে রাশিয়ার ত্রাণবহর ঢুকতে দিতে রাজি হয়েছিল। কিন্তু এখন ত্রাণবহর আসলেই ঢুকতে দো হবে কিনা তা নিয়ে দীর্ঘ আলোচনা চলছে বলে মস্কো থেকে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদাতা।
