ইউক্রেইনে ত্রাণ পাঠাচ্ছে রাশিয়া, কিয়েভের শর্ত
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় সংঘাতপ্রবণ এলাকায় মানবিক ত্রাণসহায়তা পাঠাচ্ছে রাশিয়া। কিয়েভ শর্তসাপেক্ষে তা গ্রহণ রাজি হয়েছে।
ইউক্রেইনের নিরাপত্তা পরিষদের মুখপাত্র এন্ড্রি লেসেঙ্কো বলেন, সরকার নিয়ন্ত্রিত সীমান্ত চৌকি হয়ে ওই ত্রাণের বহর আসতে হবে। এর সঙ্গে রেডক্রস কর্মকর্তাদের সংশ্লিষ্টতা থাকতে হবে।
মানবিক সহায়তার নাম করে রাশিয়া পূর্ব ইউক্রেইনে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে বলে এর আগে হুঁশিয়ার করেছিল পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে সোমবার ইউক্রেইনে ত্রাণ পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়া সীমান্তঅঞ্চলে ৪৫ হাজার সেনা সমাবেশ করেছে বলে ইউক্রেইন খবর দেয়ার পর নেটো বলেছে, পূর্ব ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন চালানোর সমূহ সম্ভাবনা আছে। ওই অঞ্চলে কিয়েভ বাহিনী রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসর হচ্ছে।
রুশপন্থি বিদ্রোহীদের উচ্ছেদে ইউক্রেইন সেনাবাহিনীর অভিযান শুরুর পর প্রায় ১,৫০০ মানুষ নিহত হয়েছে পূর্ব ইউক্রেইনে।
গত মধ্য এপ্রিল থেকে লুহানস্ক ও দোনেস্ক এর বিদ্রোহীরা সরকারবিরোধী লড়াই শুরু করেছে, যাতে গৃহহারা হয়েছে হাজার হাজার মানুষ।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেইনের জন্য ত্রাণ নিয়ে প্রায় ৩০০শ’ লরি মঙ্গলবার সকালে মস্কো থেকে রওনা হয়েছে। জরুরি ওষুধ সামগ্রী, শিশুখাদ্য রয়েছে ওই ত্রাণ বহরে।
তবে লেসেঙ্কো বলেন, ওই ত্রাণ সহায়তা গ্রহণের ক্ষেত্রে ইউক্রেইন তিনটি শর্ত দিয়েছে।
* ইউক্রেইন সরকার নিয়ন্ত্রিত সীমান্ত হয়ে ওই ত্রাণ প্রবেশ করতে হবে।
* ত্রাণবহরে রেডক্রস কর্মকর্তারা থাকতে হবে।
* কী পরিমাণ ত্রাণ যাবে, কোথায় যাবে কোন রুটে যাবে তা নিশ্চিত করতে হবে।
তবে রাশিয়ার জরুরি বিভাগের এক কর্মকর্তা বিবিসি’কে জানান, তাদের বহর সীমান্ত এলাকা অতিক্রম করবে না। এবং যা হবে সব রেডক্রসকে জানিয়ে।
