গাজায় যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের প্যানেল
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযানের সময় দু’পক্ষের সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘণ ও যুদ্ধাপরাধের তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করেছে জাতিসংঘ।
সোমবার এক বিবৃতিতে তিন সদস্যের এই তদন্ত প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করেছে বিশ্ব সংস্থাটি।
এর প্রধান করা হয়েছে আন্তর্জাতিক আইন বিষয়ক কানাডীয় অধ্যাপক উইলিয়াম স্চ্যাবাসকে। প্যানেলের অন্য সদস্যরা হলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ সেনেগালের দৌদৌ দিয়িনি এবং লেবানিজ বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আমল আলামুদ্দিন।
বিবৃতিতে বলা হয়েছে, “স্বাধীন এই দলটি ১৩ জুন, ২০১৪ থেকে গাজার সামরিক অভিযানের সময় আন্তর্জাতিক মানবিক অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকারের সব ধরনের লঙ্ঘণ তদন্ত করবে।”
২০১৫ সালের মার্চের মধ্যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্যানেল।
এই প্যানেলকে “ক্যাঙ্গারু কোর্ট” আখ্যা দিয়ে জাতিসংঘের তদন্তের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইসরায়েলবিরোধীদের দিয়ে প্রভাবিত বলে বহুদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে দেশটি।
এদিকে হলিউড অভিনেতা জর্জ ক্লুনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাওয়া আলামুদ্দিন এই তদন্তে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, “এই প্রস্তাব পেয়ে আমি সম্মানিত বোধ করছি, কিন্তু পেশাদারি প্রতিশ্রুতিতে ব্যস্ত থাকায় দুর্ভাগ্যজনকভাবে এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না।”
আলামুদ্দিনের জায়গায় কাকে নিয়োগ দেয়া হবে শেষ খবর পাওয়া পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
৮ জুলাই থেকে শুরু হওয়া মাসকালব্যাপী গাজা অভিযানে প্রায় ২০০০ মানুষ নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ১৯৩৮ জন ফিলিস্তিনি বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে অন্ততপক্ষে ১৪০৮ জন বেসামরিক, যাদের মধ্যে ৪৫২ জন শিশু ও ২৩৫ জন নারী রয়েছেন।
অপরদিকে ইসরায়েলি পক্ষে ৬৭ জন নিহত হয়েছেন যাদের ৬৪ জন সেনা সদস্য, বাকী তিনজন বেসামরিক যাদের মধ্যে একজন থাই নাগরিক রয়েছেন।
