২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টের সিদ্ধান্ত সংবিধানের লঙ্ঘন: মালিকি

ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে হায়দার আল আবাদির নাম ঘোষণা করা হলেও প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে ‘সংবিধানের ভয়াবহ লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। সোমবার মালিকির আট বছরের শাসন অবসানের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম নতুন প্রধানমন্ত্রী হিসেবে হায়দার আল আবাদির নাম ঘোষণা করেছেন।

রয়টার্স

>>, রয়টার্স

Published : 12 Aug 2014, 12:14 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

কিন্তু রাজধানী বাগদাদের রাস্তায় সরকারি বিশেষ বাহিনী ও বেসামরিক সশস্ত্র বাহিনী মোতায়েন করার পর ক্ষমতা ছাড়তে অস্বীকার করেছেন মালিকি।

এতে দেশটিতে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের ভয়াবহ খেলা শুরু হয়েছে।

২০০৩ সালে ইরাক দখল করে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে মালিকিকে ক্ষমতায় বসিয়েছিল যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রও নতুন প্রধানমন্ত্রী আবাদিকে স্বীকৃতি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

কিন্তু এসব অগ্রাহ্য করে সোমবার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সংবিধানের “ভয়াবহ লঙ্ঘন” বলে বর্ণনা করেছেন। রাজনৈতিক মিত্রদের সঙ্গে নিয়ে প্রেসিডেন্টের “ভুল” সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি।

মালিকির জামাতা এবং ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হুসেইন আল মালিকি প্রেসিডেন্টের সিদ্ধান্তকে “অবৈধ” হিসেবে অভিহিত করে আদালতের মাধ্যমে ঘোষণাটি রদ করা হবে বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, “আমরা চুপ করে থাকবো না।”

অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মালিকিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ক্ষমতা আঁকড়ে রেখে “জল ঘোলা না করার” পরামর্শ দিয়েছেন।

ইরাকের সুন্নি সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করে বিদ্রোহের দিকে ঠেলে দেয়ার জন্য ইসলামপন্থী শিয়া মুসলিম মালিকিকে দায়ী করেছে তার সাবেক মিত্র যুক্তরাষ্ট্র ও ইরান।

ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে সুন্নি বিদ্রোহীরা (ইসলামিক স্টেট বা আইএস) এখন দেশটির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে।

ইরাকি সুন্নি নেতারা এবং কুর্দি সমাজও মালিকির অপসারণ চায়। এছাড়া একসময় মালিকির পক্ষে থাকা অনেক শিয়া নেতাও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাকের নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত আইএস’র জঙ্গিদের প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ওবামা জানিয়েছেন, তিনি আবাদিকে শুভেচ্ছা জানিয়ে ইরাকের বিভিন্ন নৃতাত্ত্বিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি নিয়ে দ্রুত একটি সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনও আবাদিকে নতুন প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তের প্রশংসা করে ইরাকি সমাজের সব পর্যায়ে গ্রহণযোগ্য একটি সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন।

ইরাকের কুর্দি প্রেসিডেন্ট মাসুম নতুন প্রধানমন্ত্রী আবাদিকে এপ্রিলে নির্বাচিত পার্লামেন্টের সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সরকার গঠন করতে বলেছেন। আগামী মাসের মধ্যেই “ব্যাপক পরিসরের” এই সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন তিনি।

আর প্রেসিডেন্ট মাসুমের সঙ্গে বৈঠকের পর নতুন প্রধানমন্ত্রী আবাদি বর্বর আইএস’র বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

ইরাকে আইএস’র জঙ্গিদের অগ্রযাত্রা থামাতে যুক্তরাষ্ট্র গোষ্ঠীটির অবস্থানের ওপর বিমান হামলা শুরু করার পরপরই বাগদাদের এ রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে বাগদাদের বাসিন্দারা সুন্নি জঙ্গিদের হামলার হুমকির মুখে থাকার পর এখন মালিকি ও তার প্রতিদ্বন্দ্বী শিয়াদের মধ্যে লড়াই বেধে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

পুলিশ ও সামরিক বাহিনীর কয়েকটি অভিজাত ইউনিট, যাদের অনেকেই মার্কিন অস্ত্র ও প্রশিক্ষণে সজ্জিত, বাগদাদের রাস্তাগুলোতে অবস্থান নিয়ে আছে।