আইএস’র উত্থান নিয়ে শঙ্কিত ছিল আল কায়েদাও!
ইসলামিক স্টেট বা (আইএস) জঙ্গিদের চরম নৃশংসতার কারণে তাদের উত্থান নিয়ে শঙ্কিত ছিল খোদ আল কায়েদা।
আইএস জঙ্গি গোষ্ঠী আল কায়েদার ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে- এমন সতর্কবার্তা দিয়ে লেখা একটি চিঠি থেকে বেরিয়ে এসেছে এ তথ্য।
পাকিস্তানে প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় পাওয়া গেছে এই চিঠি। আইএস এর উথ্থান সম্পর্কে সতর্ক করে গোষ্ঠীটির সঙ্গে আল কায়দার সব সম্পর্ক ছিন্ন করার পরামর্শ ছিল এতে।
২০১১ সালে বিন লাদেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার লেখা ২১ পাতার এ চিঠিতে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস), (আগে যে দলটি পরিচিত ছিল ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড গ্রেটার সিরিয়া’ বা আইএসআইএস- নামে) জঙ্গি গোষ্ঠীটি বেসামরিক নাগরিকদের জীবনের কোনো তোয়াক্কাই করে না।
চিঠিতে আইএস এর নৃশংসতার বর্ণনা দিয়ে বলা হয়েছে, তারা রাসায়নিক অস্ত্র হিসাবে ক্লোরাইন গ্যাস ব্যবহার করে, মসজিদে বোমা হামলা চালায়, ক্রশবিদ্ধ করে এবং শিরোশ্ছেদ করে।
এতে আরো বলা হয়, আইএস বর্বরতার দিক দিয়ে আল কায়েদাকেও ছাড়িয়ে গেছে। যে দলটি যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় হাজার হাজার মানুষ হত্যা করেছিল।
বর্তমানে আইএস জঙ্গিরা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তারা ইরাক এবং সিরিয়ার বিশাল একটি অংশ দখল করেছে।
রোববার ইরাকের ইসলামিক স্টেট জঙ্গিরা সিনজার এলাকা দখলের পর ইয়াজিদি সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ৫শ’ সদস্যকে হত্যা করে। নারী ও শিশুসহ কয়েকজনকে জীবীত কবর দেয় তারা। দাসী হিসাবে ধরে নিয়ে যায় ৩০০ নারীকে।
ইরাকের উত্তরাঞ্চলে গত জুন থেকে ব্যাপক এলাকা দখল করে নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা। ইরাকে মার্কিন সেনাদের হাতে ৪ বছর বন্দি থাকা ধর্মগুরু আবু বকর আল বাগদাদি দলটি প্রতিষ্ঠা করেছিলেন।
