জেল থেকে নিউইয়র্ক প্লাজা বিক্রির চেষ্টায় সুব্রত
ভারতীয় ধনকুবের সাহারা গ্রুপের মালিক সুব্রত সাহা দিল্লির তিহার কারাগারে বসে তার মালিকানাধীন নিউইয়র্ক প্লাজা হোটেল ও লন্ডনের গ্রসভেনর হাউস বিক্রি করার চেষ্টা করছেন।
কারাগার থেকে মুক্তি পেতে জামিনের ১৬০ কোটি ডলার সংগ্রহের চেষ্টায় বিলাসবহুল এসব সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন তিনি।
এই বিক্রয় ব্যবস্থাপনার জন্য ভারতের সবচেয়ে বড় কারাগারের ভিতর সুব্রতর জন্য ৬শ’ বর্গফুট আয়তনের একটি দপ্তরের ব্যবস্থা করা হয়েছে। দপ্তরটির ভিতরে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার এবং সরাসরি কথা বলার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারাগারটির কর্মকর্তারা।
পাঁচ মাস ধরে আরো ১২ হাজার কয়েদির সঙ্গে তিনি এ কারাগারে আটক আছেন। এখানে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারছেন সাক্ষাৎপ্রার্থীরা।
কারাগারের এক কর্মকর্তা জানিয়েছেন, কারাগারে নিজের দপ্তরটিতে গত সপ্তাহে প্রতিদিন চার থেকে পাঁচজন পরিদর্শক সুব্রতর সঙ্গে দেখা করেছেন।
এই দপ্তরটির লাগোয়া একটি ছোট ঘরে সুব্রত ও তার দুই সঙ্গীর থাকার ব্যবস্থা করা হয়েছে। তার ওই দুই সঙ্গীও কারাগারে আছেন।
তার এই দপ্তরটিতে অন্যান্য কয়েদিদের প্রবেশাধিকার নেই। পাঁচজন রক্ষী সার্বক্ষণিক দপ্তরটির পাহারায় রয়েছেন। ছোট একটি লোহার গেটের মাধ্যমে কারা দপ্তরের চত্বরে অবস্থিত এই বিশেষ দপ্তরটিকে কারাগারের অন্যান্য অংশ থেকে আলাদা করা হয়েছে।
তিহার কারাগারের এক কর্মকর্তা বলেন, “তারা খুশি, তারা এখন পরিচিত জনদের সঙ্গে সারাদিন ধরে কথা বলতে পারছেন। এই ব্যবস্থাপনায় তিনি খুব সন্তুষ্ট।”
নতুন এই দপ্তর তথা কয়েদখানায় এসে সুব্রত এক জ্যেষ্ঠ কারা কর্মকর্তার কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আমাদের কাজ এখন করা সম্ভব হবে।”
জামিনের টাকা সংগ্রহের জন্য ৫ অগাস্ট থেকে পরবর্তী ১০ দিন সময় বেঁধে দিয়েছে আদালত। এরই মধ্যেই জামিনের জন্য প্রয়োজনীয় ১০ হাজার কোটি রুপি জোগাড় করতে হবে।
ক্ষুদ্র আমানতকারীদের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী।
