২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ান

তুরস্কের ইতিহাসের প্রথম প্রত্যক্ষ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রেসেপ তায়িপ এরদোয়ান।

রয়টার্স

>>, রয়টার্স

Published : 11 Aug 2014, 03:16 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে এরদোয়ানের এই বিজয়ের পর সোমবার তুরস্কের ক্ষমতাসীন একে পার্টিতে প্রেসিডেন্টের অধীনে পরবর্তী সরকার গঠনের তোরজোর শুরু হয়েছে।

২৮ অগাস্ট তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এরদোয়ান।

নির্বাচনের জয়ের পর রাজধানী আঙ্কারায় একে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দা থেকে উপস্থিত কয়েক হাজার সমর্থকের উদ্দেশ্যে ৬০ বছর বয়সী এরদোয়ান বলেন, “আজ একটি নতুন দিন, তুরস্কের জন্য একটি মাইলফলক, তুরস্কের জন্মদিন, ছাই থেকে এর জন্ম হওয়ার দিন।”

“আমি এটি বিশেষভাবে বলতে চাই, আমি তুরস্কের সাত কোটি ৭০ লাখ মানুষের প্রেসিডেন্ট, যারা আমাকে ভোট দিয়েছেন শুধু তাদের না। আমি এমন একজন প্রেসিডেন্ট হব যে পতাকার পক্ষে (তুরস্কের) কাজ করবে, দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে,” বলেন তিনি।

এর আগে তুরস্কের টেলিভিশনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষণায় বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এরদোয়ান নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সঙ্গে সঙ্গেই এরদোয়ানের উল্লসিত সমর্থকরা আঙ্কারার রাস্তায় বের হয়ে আসেন। পতাকা দুলিয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে তারা বিজয় উদযাপন করেন।

৯৯ শতাংশ ভোট গণনার পর এরদোগানের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন তুরস্কের সর্বোচ্চ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান। সোমবার বিকেলের মধ্যে ভোটের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

রক্ষণশীল এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধীদলীয় প্রার্থী উদারপন্থী একমেলেদ্দিন ইহসানোগ্লু। নির্বাচনে ইহসানোগ্লু পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। অপর উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন কুর্দি সেলাহাটিন দেমির্তাস।

৫২ শতাংশ ভোট পেয়ে এরদোয়ান দ্বিতীয় পর্বের নির্বাচন এড়াতে পেরেছেন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে নির্বাচন দ্বিতীয় পর্বে গড়াতো।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আগামী কয়েকদিনের মধ্যে নিজ হাতে গড়া একে পার্টির প্রধানের পদ ছেড়ে দেবেন এরদোয়ান। এরপর এ পদে নতুন কাউকে নির্বাচিত করা হবে।

একে পার্টির নবনির্বাচিত প্রধানের তুরস্কের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে।

এক দশকে এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

১৯২৩ সালে অটোমান সাম্রাজ্যের ধ্বংসস্তুপ থেকে তুরস্ককে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন মোস্তফা কামাল আতার্তুক।

কিন্তু এরদোয়োনের নেতৃত্বে ধর্মীয়ভাবে রক্ষণশীলতার দিকে ঝুঁকে পড়ছে তুরস্ক।