গাজা : তিন দিনের নতুন যুদ্ধবিরতি শুরু
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে তিনদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। একদিনের ব্যাপক কূটনৈতিক তৎপরতার পর উভয়পক্ষ নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়।
রোববার গাজার স্থানীয় সময় মধ্যরাত থেকে তিনদিনের এই যুদ্ধবিরতি শুরু হয় বলে জানিয়েছে বিবিসি।
এই যুদ্ধবিরতি দুইপক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে বলে ধারণা করছেন মিশরীয় মধ্যস্থতাকারীরা।
এর আগেও মিশরের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু শুক্রবার সকালে বিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুই পক্ষ লড়াই শুরু করে দেয়।
গাজা থেকে চালানো জঙ্গি হামলা বন্ধ করার কথা বলে ৮ জুলাই থেকে ভূখণ্ডটিতে বিমান হামলার মাধ্যমে অভিযান শুরু করে ইসরায়েল। পরে হামলা সর্বাত্মক রূপ নেয়।
একমাসেরও বেশি সময় ধরে চলা এ লড়াইয়ে প্রায় ২ হাজার মানুষ নিহত হন।
নিহতদের মধ্যে ১৯৩৫ জন ফিলিস্তিনি বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে অন্ততপক্ষে ১৪০৮ জন বেসামরিক, যাদের মধ্যে ৪৫২ জন শিশু ও ২৩৫ জন নারী রয়েছেন।
অপরদিকে ইসরায়েলি পক্ষে ৬৭ জন নিহত হয়েছেন যাদের ৬৪ জন সেনা সদস্য, বাকী তিনজন বেসামরিক যাদের মধ্যে একজন থাই নাগরিক রয়েছেন।
রোববার মধ্যরাতে নতুন যুদ্ধবিরতি শুরু হওয়ার ঠিক আগে রকেট হামলার সাইরেন শোনা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিট আগে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে প্রথমবারের মতো তারা ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালিয়েছে।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য না করলেও দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেল আবিব মেট্রোপলিটন এলাকার একটি খোলা জায়গায় একটি রকেট বিস্ফোরিত হয়েছে এবং শহরের দক্ষিণে আরো অন্তত দুটি রকেট ধ্বংস করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিল।
শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং হামাসের মর্টার হামলায় দুই ইসরায়েলি আহত হয়েছেন।
তবে এসব সত্বেও যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘন্টাখানেক পেরিয়ে যাওয়ার পর কোনো পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘণ করার কোনো অভিযোগ ওঠেনি।
যুদ্ধবিরতি আলোচনাকালে বাদানুবাদের এক পর্যায়ে আলোচনা বর্জন করার হুমকি দিয়েছিল উভয়্পক্ষ, কিন্তু এর পরপরই সবাইকে বিস্মিত করে রোববার রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
“৭২ ঘন্টার যুদ্ধবিরতির জন্য মিশরীয় প্রস্তাব ইসরায়েল গ্রহণ করেছে,” বিবিসি’কে জানান এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা।
যুদ্ধবিরতি কার্যকর হলে সোমবার ইসরায়েল মিশরের রাজধানী কায়রোতে আরো আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবে বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে কায়রো থেকে হামাসের প্রতিনিধি ইজ্জাত আল রেশিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “ইসরায়েলে যুদ্ধবিরতি মেনে নেয়ার আলোকে এবং কোনো পূর্ব শর্ত ছাড়াই তাদের চলে যাওয়াতে, আমরা আমাদের অনুকূল মনোভাব মিশরীয় ভাইদের জানিয়েছি।”
এক বিবৃতিতে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী উভয়পক্ষকে পরোক্ষ আলোচনা চালিয়ে একটি তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।
