গাজার অস্ত্রবিরতি আলোচনা নিয়ে নতুন সংশয়
গাজায় লড়াইয়ে লিপ্ত দুই পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে অস্ত্রবিরতির সম্ভাবনা নস্যাৎ হচ্ছে।
ইসরায়েল রোববার হুঁশিয়ার করে বলেছে, ফিলিস্তিনের হামাস যোদ্ধারা রকেট এবং মর্টার হামলা বন্ধ না করলে তারা মিশরের মধ্যস্থতায় চলমান অস্ত্রবিরতি আলোচনায় ফিরবে না।
ওদিকে, ফিলিস্তিনি আলোচকরা বলেছেন, ইসরায়েল কোনো শর্ত ছাড়া আলোচনায় না বসলে তারা রোববারের আলোচনা থেকে বেরিয়ে যাবেন।
শুক্রবার সকালে গাজায় ৭২ ঘন্টার অস্ত্রবিরতি শেষ হওয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি নতুন অস্ত্রবিরতি চুক্তি করার আহ্বান জানায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবে তার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বলেছেন, “উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত অভিযান চলবে”।
রোববার গাজায় ইসরায়েলি হামলায় ১৪ বছরের এক বালক এবং এক নারীসহ তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নতুন করে দু’পক্ষে হামলা শুরুর তৃতীয় দিনে এ হামলা চালায় ইসরায়েল। এ হামলার কারণে এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন লড়াই বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা ক্ষুন্ন হচ্ছে।
জুলাইয়ে গাজায় সহিংসতার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৯৪০ জন মানুষের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, নিহতদের ১,৮৯০ জনই ফিলিস্তিনি নাগরিক, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। বিপরীতে ইসরায়েলের পক্ষে ৬৭ জন সেনার মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সাধারণ ইসরায়েলি নাগরিক।
ইসরায়েলের আলোচকরা এরই মধ্যে আলোচনায় অংশ নেবেন না জানিয়ে মিশর ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি। ‘দ্য জেরুজালেম পোস্ট’ এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, রকেট হামলা চলতে থাকলে বিমান হামলাসহ সব বিকল্পই ইসরায়েলের হাতে আছে।
