মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘বিলুপ্ত’
মিশরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টিকে (এফজেপি) বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির একটি আদালত।
শনিবার মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালত এ আদেশ দেয়।
গত সেপ্টেম্বরে এফজেপি’র মূল সংগঠন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আদালত। কিন্তু আদালতের ওই আদেশে ব্রাদারহুডের রাজনৈতিক শাখা এফজেপি’র বিষয়ে কোনো উল্লেখ ছিল না।
এতে এফজেপি’র প্রতিনিধিদের পার্লামেন্ট নির্বাচনে অংশ গ্রহণের অনুমতি দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। চলতি বছরের শেষ দিকে ওই নির্বাচন (পার্লামেন্ট) অনুষ্ঠানের কথা রয়েছে।
কিন্তু আদালতের এই আদেশে মিশরের নির্বাচনী রাজনীতিতে ব্রাদারহুডের অংশ নেয়ার আর কোনো সুযোগ থাকলো না। এতে গোপনে তৎপরতা চালানো ছাড়া মুসলিম ব্রাদারহুডের সামনে প্রকাশ্যে তৎপরতা চালানোর আর কোনো পথ খোলা রইল না।
আদেশে আদালত এফজেপি’কে বিলুপ্ত করার নির্দেশ দেয়ার পাশাপাশি এর সম্পদ জব্দ করারও নির্দেশ দেয়।
বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক সূত্র জানিয়েছে, আদালতের এই নির্দেশ চূড়ান্ত এবং এ রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।
এফজেপি’র আইনজীবী মাহমুদ আবু আল আইনায়ান এ রায়কে রাজনৈতিক এবং আপিল করার অধিকার কেড়ে নেয়াকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন।
মিশরের সবচেয়ে পুরনো, সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে সফল রাজনৈতিক, সামাজিক সংগঠন মুসলিম ব্রাদারহুড। গণঅভ্যুত্থানে একনায়ক হোসনি মুবরাককে ক্ষমতা থেকে হটানোর পর সংগঠনটির রাজনৈতিক শাখা হিসেবে ২০১১ সালের জুনে ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (এফজেপি) প্রতিষ্ঠা করা হয়েছিল।
এর প্রার্থী হিসেবে ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি মিশরের ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে জয়লাভ করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এক বছর না যেতেই ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের পথ ধরে তাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী প্রধান আব্দেল ফাত্তা আল সিসি।
এরপর থেকে মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীদের ওপর ব্যাপক দমনাভিযান শুরু করে সেনা সমর্থিত সরকার। মুরসিসহ ব্রাদারহুড নেতাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়, প্রতিবাদ দমনের নামে সংগঠনটির প্রায় এক হাজার নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়।
এরপর ব্রাদারহুডকে নিষিদ্ধ করাসহ বিচারে এর নেতাকর্মীদের ঢালাও মৃত্যুদণ্ড দেয়া হয়, যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়।
চলতি বছর মে’তে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সেনা প্রধান সিসি। নির্বাচিত হলে মুসলিম ব্রাদারহুডের অস্তিত্ত্ব ‘মুছে ফেলার’ ঘোষণা দিয়েছিলেন তিনি।
