২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধ মেটাতে ফের কাবুলে কেরি

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কাবুল সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Aug 2014, 02:22 AM

Updated : 22 Aug 2022, 06:51 PM

প্রেসিডেন্ট নির্বাচনের ফল পুনঃনিরীক্ষণ শেষ হলে তারপর ক্ষমতার ভাগাভাগি কিভাবে হবে তা নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার কেরি আফগানিস্তানে পৌঁছান।

নির্বাচনের ফল নিয়ে প্রেসিডেন্ট প্রার্থী আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দু্ল্লাহর মধ্যে দ্বন্দ্ব শুরুর পর গত জুলাইয়ে কাবুল সফর করেন কেরি। ওই সময় দুইজনের মধ্যে হাত মিলিয়ে গেলেও পরে আবারও তাদের মধ্যে মতবিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে।

ভোটের ফলাফল নিজের পক্ষে না আসলেও উভয় প্রার্থীই পৃথক সরকার প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা দিয়ে আসছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের ৮০ লাখ ব্যালটের দ্বিতীয় দফায় গণনা চললেও কোনো পক্ষই ওই প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেনি। ফল ঘোষণার পর এ বিরোধ জাতিগত পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার সফরেও কেরি দুই প্রার্থী ও প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে দেখা করবেন।

চলতি মাসের ২৫ তারিখে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে বলে আশা করছেন প্রেসিডেন্ট কারজাই। তবে ভোট গণনার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এই কাজ শেষ করতে অগাস্ট মাস শেষ হয়ে যেতে পারে।